ড্রোন হামলার হুমকিতে রাশিয়ায় ফ্লাইট চলাচল ব্যাহত
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, November 24, 2026
সংগৃহীত
ইউক্রেনের ড্রোন হামলার হুমকিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়াজুড়ে বিমান চলাচলে বারবার বিঘ্ন ঘটছে। এতে যাত্রীদের সংযোগকারী ফ্লাইট ধরতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। উড়োজাহাজের গন্তব্য পরিবর্তন এবং ক্রুদের সময়সূচিও নতুন করে সাজাতে হচ্ছে। তবে এসব বাধার মধ্যেও রাশিয়ায় ফ্লাইট পরিচালনা করা বিদেশি বিমান সংস্থাগুলোর এখনো লাভজনক অবস্থায় রয়েছে।
দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ৩৭টি দেশের প্রায় ৬০টি বিদেশি বিমান সংস্থা রাশিয়ায় ফ্লাইট পরিচালনা করছে। ইউক্রেনের আকাশপথে হামলা এবং এর জবাবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার তৎপরতার কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বারবার ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
সম্প্রতি বেলগ্রেড থেকে মস্কোগামী এয়ার সার্বিয়ার একটি ফ্লাইট নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর অবতরণ করে। মস্কোর আকাশে কয়েকবার চক্কর দেওয়ার পর বিমানটি অবতরণ করে। পরে যাত্রীরা জানতে পারেন, ইউক্রেনের ড্রোন হামলার হুমকির কারণে শেরেমেতিয়েভো বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ সীমিত করা হয়েছিল।
এ বিষয়ে ভাসিলি নামের এক যাত্রী দ্য মস্কো টাইমসকে বলেন, ‘আমরা সার্বিয়া থেকে খবরাখবর পর্যবেক্ষণ করছিলাম এবং ঝুঁকি নিয়েছিলাম।’ নিজের পরিচয় গোপন রাখতে তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার যাত্রীদের বিদেশে যাওয়ার সুযোগ কমেছে। ফলে দেশটিতে ফ্লাইট পরিচালনাকারী বিদেশি বিমান সংস্থাগুলো তুলনামূলক কম প্রতিযোগিতার মুখে পড়ছে। এ কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটলেও রাশিয়ার রুটগুলো কিছু সংস্থার জন্য লাভজনক থাকছে।
সার্বিয়ার বিমান চলাচল বিশেষজ্ঞ পেতার ভইনোভিচ বলেন, বর্তমানে মহাদেশীয় ইউরোপের প্রায় কোনো বিমান সংস্থাই রাশিয়ায় ফ্লাইট পরিচালনা করে না। এয়ার সার্বিয়া তাদের শক্তিশালী রুট নেটওয়ার্ক এবং বেলগ্রেডের কৌশলগত অবস্থানের কারণে সুবিধা পাচ্ছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিমান চলাচল খাতে নিষেধাজ্ঞা দেয়। রাশিয়ার বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক উড়োজাহাজ, যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণসেবা পাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়।
এর জবাবে রাশিয়ার বিমান সংস্থাগুলো অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যা বাড়ায়। পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করেনি—এমন দেশগুলোতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সম্প্রসারণ করে। এসব দেশের মধ্যে রয়েছে তুরস্ক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও সার্বিয়া। লিথুয়ানিয়াভিত্তিক বিমান চলাচল পরামর্শক প্রতিষ্ঠান ফ্রেন্ডলি আভিয়া সাপোর্টের পরিচালক ওলেকসান্দর লানেতস্কি এ তথ্য জানিয়েছেন।