পুরোনো উড়োজাহাজের আসনের চামড়ায় ১০০টি বিশেষ জ্যাকেট তৈরি করল আমেরিকান এয়ারলাইনস
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, November 23, 2026
সংগৃহীত
আমেরিকান এয়ারলাইনসের ১০০ বছর পূর্তি উপলক্ষে অবসরে যাওয়া উড়োজাহাজের আসনের চামড়া দিয়ে বিশেষ ফ্লাইট জ্যাকেট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলফা ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে এই জ্যাকেট। বিশ্বজুড়ে মাত্র ১০০টি জ্যাকেট তৈরি করা হবে।
সিজে (Ceeze) নামের একটি সৃজনশীল প্রতিষ্ঠানের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। জ্যাকেট তৈরিতে আমেরিকান এয়ারলাইনসের অবসরে যাওয়া উড়োজাহাজের আসনের চামড়া ব্যবহার করা হয়েছে। নিউইয়র্ক সিটিতে প্রতিটি জ্যাকেট হাতে তৈরি করা হচ্ছে। চামড়া কেটে ও নতুনভাবে সাজিয়ে জোড়া দিয়ে তৈরি করা হয়েছে জ্যাকেটের বিশেষ নকশা।
জ্যাকেটটির বাইরের অংশ গাঢ় নীল রঙের চামড়ার। ভেতরে রয়েছে লাল সাটিনের আস্তরণ। এতে রুপালি রঙের জিপার ও গ্রাফাইট রঙের কাফ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি যুক্ত করা হয়েছে ১৯৩০-এর দশকের আমেরিকান এয়ারলাইনসের লোগোসংবলিত একটি প্যাচ।
এমএ-১ ফ্লাইট জ্যাকেটের নকশা মূলত সামরিক বাহিনীর ব্যবহারের জন্য তৈরি হয়েছিল। পরে এটি তরুণদের ফ্যাশন, স্ট্রিটওয়্যার ও উচ্চ ফ্যাশনের অংশ হয়ে ওঠে। নতুন এই উদ্যোগের মাধ্যমে জ্যাকেটটির ঐতিহ্যের সঙ্গে উড়োজাহাজ চলাচলের ইতিহাসকে যুক্ত করা হয়েছে।
জ্যাকেটগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলেও বাজারে ছাড়ার বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। তৈরি করা ১০০টি জ্যাকেটের মধ্যে ৫০টি এএডভান্টেজ (AAdvantage) সদস্যদের জন্য বরাদ্দ রাখবে আমেরিকান এয়ারলাইনস।
এএডভান্টেজ এক্সচেঞ্জের মাধ্যমে প্রতিটি জ্যাকেট পেতে খরচ করতে হবে ২ লাখ এএডভান্টেজ মাইল। আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত জ্যাকেটগুলো সংগ্রহের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।