২০২৮ সাল পর্যন্ত নিরাপত্তা নিরীক্ষার নিবন্ধন নবায়ন এয়ারএশিয়ার
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 28, 2026
মালয়েশিয়ার স্বল্প ব্যয়ের উড়োজাহাজ সংস্থা এয়ারএশিয়া আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) নিবন্ধন নবায়ন করেছে। নতুন করে নবায়নের ফলে ২০২৮ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত এই নিবন্ধনের মেয়াদ থাকবে।
এয়ারএশিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, আইওএসএর ঝুঁকিভিত্তিক পদ্ধতিতে (আরবিআই) এই নিরীক্ষা করা হয়েছে। নতুন পদ্ধতিতে প্রথমবারের নিরীক্ষাতেই ‘ম্যাচিউর’ রেটিং পেয়েছে এয়ারএশিয়া। এই রেটিং সংস্থাটির নিরাপত্তা ব্যবস্থাপনা ও পরিচালন কার্যক্রমের ইতিবাচক মূল্যায়ন নির্দেশ করে।
আইওএসএ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা নিরীক্ষা পদ্ধতি। এর মাধ্যমে উড়োজাহাজ সংস্থার পরিচালন ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূল্যায়ন করা হয়।
এয়ারএশিয়া মালয়েশিয়ার মহাব্যবস্থাপক দাতো ক্যাপ্টেন ফারেহ মাজপুত্র বলেন, এই নিবন্ধন নবায়ন সংস্থাটির কর্মীদের পেশাদারত্ব ও নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। ভবিষ্যতেও নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার কাজ চালিয়ে যাবে এয়ারএশিয়া।
নিবন্ধন নবায়নের ক্ষেত্রে ফ্লাইট পরিচালনা, কেবিন ক্রু, প্রকৌশল, গ্রাউন্ড অপারেশন ও নিরাপত্তা ব্যবস্থাপনা দলের অবদানের কথা জানিয়েছে সংস্থাটি। যাত্রীদের জন্য সাশ্রয়ী বিমান ভ্রমণের সুযোগ তৈরির পাশাপাশি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে এয়ারএশিয়া।