মাল্টায় যাতায়াতে কোডশেয়ার চুক্তি করল এয়ার ইন্ডিয়া
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 28, 2026
ভারতের উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া ও মাল্টার জাতীয় উড়োজাহাজ সংস্থা কেএম মাল্টা এয়ারলাইনসের মধ্যে কোডশেয়ার চুক্তি হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ চুক্তি কার্যকর হবে।
চুক্তির আওতায় কেএম মাল্টা এয়ারলাইনসের ছয়টি ইউরোপীয় শহর থেকে মাল্টাগামী ফ্লাইটে নিজেদের কোড যুক্ত করবে এয়ার ইন্ডিয়া। শহরগুলো হলো আমস্টারডাম, প্যারিস, রোম, জুরিখ, লন্ডন গ্যাটউইক ও লন্ডন হিথরো।
এই চুক্তির ফলে এয়ার ইন্ডিয়ার যাত্রীরা ওই ছয় শহর হয়ে মাল্টায় যেতে পারবেন। পুরো যাত্রার জন্য একটি টিকিট কাটলেই হবে। এ ছাড়া যাত্রীদের মালপত্র সরাসরি মাল্টার লুকা আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইউরোপে অবকাশযাপন ও ব্যবসার গন্তব্য হিসেবে ভারতীয়দের কাছে মাল্টার জনপ্রিয়তা বাড়ছে। নতুন চুক্তির ফলে দেশটিতে যাতায়াত আরও সহজ হবে।
এয়ার ইন্ডিয়ার চিফ কমার্শিয়াল অফিসার নিপুন আগরওয়াল বলেন, এই চুক্তির ফলে যাত্রীরা একটি টিকিটে পুরো ভ্রমণ করতে পারবেন। পাশাপাশি মালপত্র সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার সুবিধাও পাবেন।
কেএম মাল্টা এয়ারলাইনসের নির্বাহী চেয়ারম্যান ডেভিড কারমি বলেন, মাল্টার জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ বাজার। অবকাশযাপন ও ব্যবসায়িক ভ্রমণ—দুই ক্ষেত্রেই ভারতের সঙ্গে যোগাযোগ বাড়ানোর সুযোগ রয়েছে।
চুক্তির আওতায় ফ্লাইটগুলোর টিকিট পর্যায়ক্রমে বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে এসব টিকিট বুক করা যাবে।