যুক্তরাষ্ট্রে রানওয়েতে দুটি উড়োজাহাজের ডানায় সংঘর্ষ
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 28, 2026
যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের ডানায় সংঘর্ষ হয়েছে। শুক্রবার বিকেলে উড্ডয়নের প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে রানওয়েতে চলাচলের সময় আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৬৩৮-এর ডানার সঙ্গে একই সংস্থার ফ্লাইট ২১৫২-এর ডানার সংঘর্ষ হয়।
ফ্লাইট ৬৩৮-এর গন্তব্য ছিল ডালাস। অন্য উড়োজাহাজটির গন্তব্য ছিল শিকাগো। দুটি উড়োজাহাজই বোয়িং ৭৩৭-৮০০ মডেলের।
আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, সংঘর্ষের পর উড়োজাহাজ দুটি টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো চলাচল থেকে সরিয়ে রাখা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, দুর্ঘটনায় কেউ আহত হননি। বোস্টন ও শিকাগোগামী ফ্লাইট দুটির যাত্রীদের শুক্রবার সন্ধ্যার পর গন্তব্যে পাঠানোর পরিকল্পনা রয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এদিকে সংঘর্ষের ঘটনা তদন্তের কথা জানিয়েছে এফএএ।