নভি মুম্বাই থেকে নাইরোবিতে সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট চলবে
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 28, 2026
ভারতের নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কেনিয়ার রাজধানী নাইরোবিতে সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট চালু করতে যাচ্ছে অ্যাস্ট্রাল এভিয়েশন। বোয়িং ৭৬৭ উড়োজাহাজ দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হবে। এর মাধ্যমে ভারত থেকে আফ্রিকার বিভিন্ন দেশে পণ্য পরিবহনের সুযোগ বাড়বে।
স্ট্যাট ট্রেড টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নাইরোবিকে কেন্দ্র করে আফ্রিকার আরও কয়েকটি দেশে পণ্য পরিবহন করবে অ্যাস্ট্রাল এভিয়েশন। এসব দেশের গন্তব্যের মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, দক্ষিণ সুদানের জুবা, সোমালিয়ার মোগাদিশু, ইরিত্রিয়ার আসমারা, সুদানের পোর্ট সুদান, তানজানিয়ার মওয়ানজা ও রুয়ান্ডার কিগালি। এ ছাড়া সংস্থাটির বিভিন্ন ফ্লাইট ও অংশীদারত্বের মাধ্যমে ৫০টির বেশি গন্তব্যে পণ্য পাঠানোর সুযোগ থাকবে। তবে ফ্লাইট শুরুর তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
নতুন এই সেবার মাধ্যমে ভারত ও আফ্রিকার মধ্যে পণ্য পরিবহনের সময় ও খরচ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে দুই অঞ্চলের মধ্যে অনেক পণ্য তৃতীয় কোনো দেশের বিমানবন্দর হয়ে পরিবহন করা হয়। এতে পণ্য পৌঁছাতে বেশি সময় লাগে এবং খরচ বাড়ে।
নতুন ফ্লাইটে ওষুধ, স্বাস্থ্যসামগ্রী, ই-কমার্স পণ্য, যন্ত্রপাতি, গাড়ির খুচরা যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জাম ও শিল্পকারখানার বিভিন্ন পণ্য পরিবহন করা হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পরিবহন করতে হয়, এমন পণ্যও নেওয়া হবে। অন্যদিকে আফ্রিকা থেকে ভারতে তাজা কৃষিপণ্য, ফুল ও সামুদ্রিক খাবার পরিবহনের সুযোগ তৈরি হবে।
অ্যাস্ট্রাল এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব গাধিয়া বলেন, ভারত ও আফ্রিকার মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তবে দুই অঞ্চলের মধ্যে সরাসরি আকাশপথে পণ্য পরিবহনের সুযোগ এখনো সীমিত।
জিল গ্লোবাল করপোরেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক নিপুন আনন্দ বলেন, নভি মুম্বাই ও নাইরোবির মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চালু করতে অ্যাস্ট্রাল এভিয়েশনের সঙ্গে কাজ করতে পেরে তাঁরা আনন্দিত।
ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত জিল গ্লোবাল এই সেবার বিক্রয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে। প্রতিষ্ঠানটি কার্গো বুকিং, বিক্রি ও গ্রাহকসেবা দেখভাল করবে।
ভারতের মহারাষ্ট্র ও গুজরাটসহ পশ্চিমাঞ্চলের শিল্পাঞ্চল থেকে পণ্য পরিবহনের নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর। অন্যদিকে নাইরোবিকে আফ্রিকার গুরুত্বপূর্ণ কার্গো পরিবহনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় অ্যাস্ট্রাল এভিয়েশন।