আইকাও অডিটের আগে বিমানবন্দরে নিরাপত্তা সপ্তাহ
নিজস্ব প্রতিবেদক
| Published: Thursday, October 15, 2026
-বেবিচক
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা আরও জোরদার করতে সারা দেশে ‘এভিয়েশন সিকিউরিটি উইক–২০২৬’ শুরু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, ১৩ থেকে ১৫ অক্টোবর দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে এ কর্মসূচি চলছে।
নিরাপত্তাব্যবস্থার মানোন্নয়ন, সচেতনতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি নিশ্চিত করা এর অন্যতম লক্ষ্য। এ ছাড়া আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) আসন্ন ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম–কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচ (ইউএসএপি-সিএমএ) অডিটের প্রস্তুতি হিসেবেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের মূল প্রতিপাদ্য ‘Security is Everyone’s Responsibility: See Something, Say Something’। অর্থাৎ বিমানবন্দরের নিরাপত্তা শুধু নিরাপত্তাকর্মীদের দায়িত্ব নয়; যাত্রী, বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট সংস্থা ও অন্য অংশীজনেরও এতে ভূমিকা আছে। সন্দেহজনক কোনো বস্তু, কার্যকলাপ বা নিরাপত্তাঝুঁকি চোখে পড়লে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বিশেষভাবে বলা হচ্ছে।
কর্মসূচির আওতায় বিমানবন্দরকর্মী ও যাত্রীদের মধ্যে নিরাপত্তাবিধি ও প্রটোকল নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা নিয়ে ইতিবাচক মানসিকতা তৈরি, ঝুঁকি শনাক্ত ও প্রতিরোধে সবার সক্রিয় অংশগ্রহণ এবং বিমানবন্দরে নিরাপত্তা-সচেতন সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যাচাই ও উন্নত করতে নানা ধরনের মহড়া ও ড্রিল হচ্ছে। এ ছাড়া নিরাপত্তাকর্মীদের দক্ষতা বাড়াতে, গুরুত্বপূর্ণ নির্দেশনা জানাতে এবং সর্বোত্তম চর্চা অনুসরণে ব্রিফিং ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল বলেন, ‘‘এভিয়েশন সিকিউরিটি উইকের মূল উদ্দেশ্য হলো বিমানবন্দরের নিরাপত্তার সঙ্গে জড়িত সবার মধ্যে সচেতনতা আরও বাড়ানো এবং নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত দায়িত্ববোধ জোরদার করা।’’
তিনি বলেন, ‘‘আমরা চাই, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিরাপত্তাবিধি ঠিকমতো মেনে চলবেন এবং যেকোনো সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক থাকবেন। এতে বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর ও সুদৃঢ় হবে। একই সঙ্গে যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিতে এবং তাঁদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ পরিবেশ নিশ্চিত করতে পারব।’’
বেবিচক আশা করছে, এ উদ্যোগ দেশের এভিয়েশন নিরাপত্তার ধারাবাহিক উন্নয়নে, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রক্ষায় এবং নিরাপদ আকাশপথ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।