Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আকাশে উড়ল এয়ারবাসের পণ্যবাহী এ৩৫০এফ

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, September 30, 2026
আকাশে উড়ল এয়ারবাসের পণ্যবাহী এ৩৫০এফ

ছবি: এয়ারবাস


ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের নতুন পণ্যবাহী উড়োজাহাজ এ৩৫০এফ মঙ্গলবার প্রথমবারের মতো সফলভাবে আকাশে উড়েছে। এর মধ্য দিয়ে নয় মাসের বেশি সময় ধরে চলার কথা থাকা ফ্লাইট পরীক্ষার কার্যক্রম শুরু হলো।


ফ্রান্সের তুলুজ শহরে এয়ারবাসের কেন্দ্র থেকে ওড়া এ৩৫০এফ হলো দুটি পরীক্ষামূলক উড়োজাহাজের প্রথমটি। এমএসএন ৭০০ নম্বরের এই উড়োজাহাজে বিশেষ ফ্লাইট টেস্ট যন্ত্রপাতি বসানো ছিল। প্রতিষ্ঠানটির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, উড়োজাহাজটি ৪ ঘণ্টা ১০ মিনিট আকাশে ছিল এবং ২৫ হাজার ফুট উচ্চতায় উঠেছে। এয়ারবাসের নিজস্ব ফ্লাইট টেস্ট দল উড়োজাহাজটি চালিয়েছে।


এয়ারবাস জানায়, প্রথম ফ্লাইটে উড়োজাহাজের মৌলিক উড্ডয়নযোগ্যতা, ওড়ার সময় এর আচরণ এবং প্রাথমিক ব্যবস্থাগুলো আগে থেকে হিসাব করা মান অনুযায়ী কাজ করছে কি না, তা যাচাই করা হয়েছে।


এয়ারবাসের বাণিজ্যিক উড়োজাহাজ বিভাগের প্রধান নির্বাহী লার্স ওয়াগনার এই উড্ডয়নকে এ৩৫০এফ ও বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য "একটি বড় মাইলফলক" বলে বর্ণনা করেছেন।


তাঁর ভাষ্য, এ৩৫০ পরিবারের সর্বশেষ সংযোজন এই উড়োজাহাজ পরিচালনা সক্ষমতা, জ্বালানিসাশ্রয় ওড়ার সক্ষমতার  সমন্বয়ে আকাশপথে পণ্য পরিবহন খাতে বড় পরিবর্তন আনতে পারে। এই অর্জনের পেছনে কাজ করা সব দলের পরিশ্রমেরও প্রশংসা করেন তিনি।



দ্বিতীয় পরীক্ষামূলক উড়োজাহাজ এমএসএন ৭০১ এখন চূড়ান্ত সংযোজনের শেষ পর্যায়ে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি রং করার কারখানায় যাবে বলে জানিয়েছে এয়ারবাস।


প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ৩৫০এফ একবারে ৮ হাজার ৭০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে এবং ১১১ টন পর্যন্ত পণ্য বহন করতে পারবে। ফলে আন্তর্জাতিক দূরপাল্লার রুটে এটি ব্যবহার করা যাবে। এর কাঠামোর ৭০ শতাংশের বেশি উন্নত উপাদানে তৈরি। এয়ারবাসের দাবি, এ কারণে প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজের তুলনায় এর সর্বোচ্চ টেক-অফ ওজন ৪৬ টন কম।


উড়োজাহাজটিতে রোলস-রয়েসের সর্বাধুনিক ট্রেন্ট এক্সডব্লিউ-৯৭ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এয়ারবাস বলছে, একই পরিমাণ পণ্য ও একই পাল্লার প্রতিদ্বন্দ্বী উড়োজাহাজের তুলনায় এতে জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ ৪০ শতাংশ পর্যন্ত কম হবে।


প্রতিষ্ঠানটি আরও জানায়, জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সর্বশেষ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ মান পুরোপুরি পূরণ করা প্রথম নতুন পণ্যবাহী উড়োজাহাজ এটি। তবে কার্যক্ষমতা ও বাজারসংক্রান্ত এসব দাবি উৎপাদনকারী প্রতিষ্ঠানের, স্বাধীনভাবে যাচাই করা হয়নি।


এয়ারবাস জানায়, চলতি বছরের আগস্টের শেষ নাগাদ ১৪টি গ্রাহকের কাছ থেকে এ৩৫০এফের ১১৫টি ক্রয়াদেশ পাওয়া গেছে। বড় আকারের পণ্যবাহী উড়োজাহাজের বাজারের ৫৯ শতাংশ পর্যন্ত অংশ এটি ধরতে পেরেছে বলেও প্রতিষ্ঠানটি দাবি করেছে।


ক্যাপ্টেন ও টেস্ট পাইলট বার্নার্দো সায়েজ-বেনিতো এবং ফার্স্ট অফিসার ও এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট সিলভাঁ গিরাউদ উড়োজাহাজটি চালিয়েছেন। তাঁদের সঙ্গে ছিলেন টেস্ট ফ্লাইট ইঞ্জিনিয়ার লুদোভিক জিরার। এ ছাড়া লিড ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার লরঁ বুসিয়ে ও জাইমে আঙ্গোলিতিও উড়োজাহাজে ছিলেন।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News