আকাশপথে নতুন অতিথি: বিমানেই সন্তান প্রসব মার্কিন নারীর
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, April 28, 2026
ছবি: সংগৃহীত
পাঁচ ঘণ্টার এক বিমানযাত্রায় বিরল মুহূর্তের সাক্ষী হলেন ডেল্টা এয়ার লাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা। অবতরণের মাত্র ৩০ মিনিট আগে বিমানের ভেতরেই এক গর্ভবতী নারী একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। সোমবার মার্কিন এই বিমান সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
গত শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জর্জিয়ার আটলান্টা থেকে উত্তর-পশ্চিমের শহর অরেগনের পোর্টল্যান্ডের উদ্দেশে রওনা দেয় ফ্লাইটটি। স্থানীয় সময় রাত ১০টায় পোর্টল্যান্ডে পৌঁছানোর কথা ছিল। কিন্তু নবজাতক সেই অপেক্ষা করতে রাজি ছিল না — গন্তব্যে পৌঁছানোর আগেই পৃথিবীতে তার আগমন ঘটে।
ডেল্টা এয়ার লাইন্সের এক মুখপাত্র এএফপিকে দেওয়া বিবৃতিতে বলে, পোর্টল্যান্ডে অবতরণের আগে যাত্রীকে সহায়তায় এগিয়ে আসা ক্রু ও স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মীদের প্রতি তারা কৃতজ্ঞ। তিনি জানান, এ ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় কেবিন ক্রুরা বিশেষ চিকিৎসা প্রশিক্ষণপ্রাপ্ত।
পরিস্থিতি বিবেচনায় ক্রুরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি নেন। পোর্টল্যান্ডে অবতরণের পর জরুরি চিকিৎসাকর্মীরা মা ও নবজাতককে সেবা দেন। কর্তৃপক্ষ জানিয়েছে, দুজনই সুস্থ আছেন।
অনেক বিমান সংস্থা প্রসবের নির্ধারিত সময়ের কাছাকাছি গর্ভবতী নারীদের ভ্রমণে বিধিনিষেধ আরোপ করলেও ডেল্টার এমন কোনো নীতি নেই। এদিকে মা ও নবজাতকের ছবি প্রকাশের পর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: এএফপি