Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

ডেস্ক রিপোর্ট | Published: Friday, August 21, 2026
আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কার পশ্চিমাঞ্চলে একটি দুর্গম রাডার সাইটের কাছে আট আরোহী নিয়ে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কেপ নিউয়েনহাম এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। সেসনা ৪৪১ বিমানটি আলাস্কার অ্যাঙ্কোরেজ থেকে কেপ নিউয়েনহামের উদ্দেশে যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর পর বিমানটি কেপ নিউয়েনহাম বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, বিমানটিতে দুই পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। বিমানটি আলাস্কাভিত্তিক চার্টার অপারেটর সিকিউরিটি এভিয়েশনের পরিচালনায় ছিল।

দুর্ঘটনার খবর পাওয়ার পর আলাস্কা রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিমানের আট আরোহীর সবাই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। আলাস্কা কমান্ডও পরে আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

কেপ নিউয়েনহাম বিমানবন্দরটি একটি সামরিক এয়ারস্ট্রিপ, যা মূলত কেপ নিউয়েনহাম লং রেঞ্জ রাডার সাইটে প্রবেশের জন্য ব্যবহৃত হয়। সেখানে সামরিক ও অনুমোদিত চার্টার ফ্লাইট ছাড়া অন্য উড়োজাহাজের চলাচল সীমিত।

এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও এনটিএসবি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে নেতৃত্ব দেবে এনটিএসবি।

আলাস্কার সিনেটর লিসা মুরকোস্কি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি নিহতদের স্বজন এবং সিকিউরিটি এভিয়েশনের কর্মীদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য ইউএস কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপার্স ও রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের প্রতি কৃতজ্ঞতা জানান।

দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিয়ে তদন্ত চলছে। তদন্তকারীরা বিমানটির শেষ মুহূর্তের গতিপথ, আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য যান্ত্রিক ত্রুটিসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন।

সূত্র: CNN, Associated Press, KTUU, FAA, NTSB


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News