Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

আটক বাংলাদেশিদের ফেরাতে লিবিয়া প্রশাসনের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, September 16, 2026
আটক বাংলাদেশিদের ফেরাতে লিবিয়া প্রশাসনের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

ছবি: বাংলাদেশ দূতাবাস


লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ দেশটির অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইদ্রিস সালেহর সঙ্গে বৈঠক করেছেন।


১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই বৈঠকে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়। 


ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।


বৈঠকে অধিদপ্তরের উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী দাউ এবং দূতাবাসের শ্রম কাউন্সেলর উপস্থিত ছিলেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় বির-আল ঘানাম ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রত্যাবাসনের বিষয়টি।


রাষ্ট্রদূত হাবীব উল্লাহ বলেন, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ ও সম্মানজনকভাবে দেশে ফেরানোর লক্ষ্যে দূতাবাস নিরলসভাবে কাজ করছে।


তিনি জানান, দূতাবাস নিয়মিত ডিটেনশন সেন্টার পরিদর্শন করে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় আটকদের প্রত্যাবাসনের ব্যবস্থা করছে। 


রাষ্ট্রদূত  নিজে বির-আল ঘানাম কেন্দ্র পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে দেখা করেছেন এবং প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করতে মহাপরিচালকের সহযোগিতা চান।


জবাবে মহাপরিচালক ইদ্রিস সালেহ লিবিয়ায় বৈধভাবে অবস্থানরত ও কর্মরত বাংলাদেশিদের স্বাগত জানান। তিনি বলেন, ত্রিপলির তাজুরা ও বির-আল ঘানাম কেন্দ্রে থাকা বাংলাদেশিদের সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে অথবা ইউরোপে যাওয়ার প্রস্তুতির সময় আটক করা হয়েছে। 


তিনি অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসনে দূতাবাসের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং বির-আল ঘানাম কেন্দ্রে দূতাবাসের প্রতিনিধিদলের পরিদর্শনকে স্বাগত জানান।


বৈঠকে উভয় পক্ষ অনিয়মিত অভিবাসনের ঝুঁকি নিয়ে সচেতনতা বাড়ানো এবং এ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়। দুই পক্ষ নিয়মিত যোগাযোগ ও একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়।


দূতাবাস জানায়, সম্প্রতি লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিপদগ্রস্ত ও স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক ৩৪০ জন বাংলাদেশিকে বিনা খরচে নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News