বাংলাদেশের সার্বভৌমত্বে চীনের সমর্থন, একচেটিয়া জোটও চায় না বেইজিং
বেইজিং বলেছে, বাংলাদেশের নিজস্ব উন্নয়নপথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করে চীন। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অংশীদারত্বকেও স্বাগত জানায় দেশটি। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে চায় বেইজিং।
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Monday, November 23, 2026
সংগৃহীত
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় সহযোগিতা অন্য কোনো দেশের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে দেশটি।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিআরআইয়ে বাংলাদেশের অংশগ্রহণের ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ব্লু পেপার অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে লিউ বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ়ভাবে সমর্থন জানায়।
তিনি বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে চীন। বাংলাদেশের জনগণের নিজেদের উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকেও সম্মান করে বেইজিং।
বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয় উল্লেখ করে লিউ বলেন, এ সহযোগিতার মাধ্যমে একচেটিয়া কোনো জোট গঠনের উদ্দেশ্য নেই। বরং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানায় চীন। একই সঙ্গে, চীনের উন্নয়ন সহযোগিতার সঙ্গে রাজনৈতিক শর্ত আরোপ কিংবা দেশটির শাসনব্যবস্থার মডেল অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার বিষয়টিও নাকচ করেন তিনি।
অবকাঠামো ও শিল্প খাতে সহযোগিতা
বাংলাদেশের উন্নয়নে অবকাঠামো নির্মাণকে দ্বিপক্ষীয় সহযোগিতার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন লিউ। তিনি বলেন, চীনের নির্মিত প্রতিটি সেতু ও সড়ক বাংলাদেশের উন্নয়নের জন্য।
তিনি আরও বলেন, বাংলাদেশের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিল্প উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে কাজ করতে চায় চীন।
আগামী দিনে সড়ক ও সেতুর বাইরেও বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনার কথা জানান লিউ। তিনি বলেন, চীনের প্রযুক্তি, শিল্প-দক্ষতা ও সরবরাহব্যবস্থা বাংলাদেশের উৎপাদনশিল্পের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। সম্ভাবনাময় খাত হিসেবে তিনি বস্ত্র ও পোশাক, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, ব্যাটারি সংরক্ষণব্যবস্থা, বৈদ্যুতিক গাড়ি সংযোজন এবং ইলেকট্রনিকসের কথা উল্লেখ করেন।
চীনের বড় ভোক্তা বাজার বাংলাদেশের পোশাক, চামড়াজাত পণ্য ও কৃষিপণ্যের রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে বলেও জানান তিনি। ভবিষ্যতে পরিবেশবান্ধব উন্নয়ন, ডিজিটাল যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন চীনা এই কূটনীতিক। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের মধ্যে বিনিময় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ২০১৬ সালের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন লিউ। তিনি বলেন, ওই সফরের সময় দুই দেশ বিআরআই সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক সই করে। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে যৌথভাবে বিআরআই সহযোগিতার বিষয়ে এটিই ছিল চীনের প্রথম আন্তঃসরকার সমঝোতা। এরপর ২০১৬ সালে দুই দেশের সম্পর্ক সহযোগিতার কৌশলগত অংশীদারত্ব থেকে ২০২৪ সালে সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্বে উন্নীত হয়।
২০২৬ সালের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথাও উল্লেখ করেন লিউ। তিনি বলেন, এ সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকারকে তুলে ধরেছে।
অনুষ্ঠানে বাংলাদেশের এক চীন নীতির প্রতি সমর্থনের প্রশংসা করেন তিনি। লিউ বলেন, বড় অবকাঠামো প্রকল্পের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য ছোট পরিসরের উন্নয়ন উদ্যোগও নিতে চায় চীন। যাতে সড়ক, সেতু, বন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়।
তিনি আশা প্রকাশ করেন, বিআরআইয়ের আওতায় আগামী দশকে বিনিয়োগ, শিল্পায়ন ও টেকসই উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে সেন্টার ফর অল্টারনেটিভস, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশে চীনা এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।