মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে ডিসেম্বরে বাংলাদেশ-ইইউ আলোচনা
নিজস্ব প্রতিবেদক
| Published: Monday, November 23, 2026
সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আগামী ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি। এর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে চায় ইইউ।
আজ (সোমবার) ঢাকার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা যাচাই করছে ইইউ। তবে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। ভবিষ্যতে এ ধরনের চুক্তি হলে উভয় পক্ষের স্বার্থ, পারস্পরিক সুবিধা ও সমান অঙ্গীকার নিশ্চিত করতে হবে।
মাইকেল মিলার বলেন, বাংলাদেশের সঙ্গে দাতা-গ্রহীতা সম্পর্কের বাইরে গিয়ে বাণিজ্য, বিনিয়োগ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, অভিবাসন, যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতার মতো বিষয় নিয়ে বিস্তৃত অংশীদারত্ব গড়ে তুলতে চায় ইইউ। শ্রমিকদের অধিকার, পরিবেশ সুরক্ষা ও সুশাসন দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে।
এলডিসি উত্তরণ নিয়ে সতর্কতা
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজারসুবিধায় পরিবর্তনের জন্য বাংলাদেশকে এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ইইউর রাষ্ট্রদূত। তিনি বলেন, শ্রমের ব্যয় বাড়লে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যেতে পারে। অন্যদিকে ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি থাকা প্রতিদ্বন্দ্বী দেশগুলো সুবিধা পেতে পারে।
মাইকেল মিলার বলেন, ইইউ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতির সময় বাড়ানোর ক্ষেত্রে সমর্থন দিয়েছে। তবে এ জন্য পরিমাপযোগ্য সংস্কার ও বেসরকারি খাতের আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইইউ। ২০২৫ সালে সংস্থাটির দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে বলে জানান রাষ্ট্রদূত। এ ছাড়া ইইউর ‘এভরিথিং বাট আর্মস’ কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী বাংলাদেশ। এ কর্মসূচির আওতায় শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধা পাওয়া যায়।
২০২৭ সালে প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর
বাংলাদেশ ও ইইউর মধ্যে একটি অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। ২০২৭ সালের প্রথমার্ধে চুক্তিটি সই হতে পারে বলে জানান মাইকেল মিলার। এ ছাড়া ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সঙ্গে একটি কার্যকরী সমঝোতা নিয়ে আগামী জানুয়ারিতে ঢাকায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
আগামী ৫ ও ৬ এপ্রিল ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যৌথভাবে বাংলাদেশ-ইইউ ব্যবসা ও বিনিয়োগ ফোরামের আয়োজন করবে ইইউ। এতে তৈরি পোশাক, চামড়া, কৃষি, সরবরাহব্যবস্থা ও যোগাযোগ খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হবে।
রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালের জুনে ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করতে ব্রাসেলস সফরের পরিকল্পনা নিশ্চিত করেছেন।
এয়ারবাস নিয়ে চাপ দেওয়ার অভিযোগ নাকচ
বাংলাদেশকে এয়ারবাসের উড়োজাহাজ কিনতে ইইউ চাপ দিয়েছে—এমন অভিযোগ নাকচ করেন মাইকেল মিলার। তিনি বলেন, ব্যবসার ক্ষেত্রে জবরদস্তি বা চাপ প্রয়োগের কোনো জায়গা নেই।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য এয়ারবাসের ১০টি উড়োজাহাজ সরবরাহের চুক্তিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ইউরোপীয় কোম্পানিগুলো বাণিজ্যিক যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা করতে চায়। এ চুক্তির মাধ্যমে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ, গ্রাউন্ড হ্যান্ডলিং ও বিমান চলাচল প্রযুক্তিতে আরও সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশের পরিবহন, জ্বালানি, ডিজিটাল অবকাঠামো ও সরবরাহব্যবস্থা খাতে ইইউর গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় সহযোগিতা বাড়ছে বলেও জানান তিনি। চট্টগ্রামের লালদিয়া গ্রিন কনটেইনার টার্মিনাল, রেলপথের আধুনিকায়ন ও দেশের প্রথম বিদ্যুৎচালিত রেল প্রকল্পকে ইউরোপীয় বিনিয়োগের উদাহরণ হিসেবে তুলে ধরেন।
অভিবাসন ও রোহিঙ্গা সংকট
অভিবাসন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ডিসেম্বরের শুরুতে ইইউর ২৭টি সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচনার জন্য একমাত্র বাংলাদেশকেই রাখা হবে। অনিয়মিত অভিবাসন ঠেকাতে নিয়োগ সংস্থাগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ, মানব পাচারের বিরুদ্ধে ব্যবস্থা এবং বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি মনে করেন। তবে অস্থিরতা মোকাবিলায় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। আওয়ামী লীগের কার্যক্রমে বিধিনিষেধের বিষয়ে ইইউর কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই বলেও জানান।
রোহিঙ্গা সংকটের বিষয়ে তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে ইইউ। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য সংস্থাটি পাঁচশ মিলিয়ন ইউরোর বেশি মানবিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ২০২৬ সালে দেওয়া হয়েছে ৩১ দশমিক ৫ মিলিয়ন ইউরো। এ ছাড়া কক্সবাজারে চলমান উন্নয়ন সহযোগিতা হিসেবে ৫০ মিলিয়ন ইউরো দেওয়া হচ্ছে।
রোহিঙ্গাদের জন্য জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগেও ইইউ সমর্থন দিয়েছে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের নতুন রোহিঙ্গা কৌশল এবং এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব ভাগাভাগির উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা করেন।
মাইকেল মিলার বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা বাড়ার মধ্যে বাংলাদেশ ও ইইউর নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন। আস্থা, ন্যায্যতা ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে দুই পক্ষের অংশীদারত্ব গড়ে তোলাই তাদের লক্ষ্য।