Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ঢাকায় রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদ্‌যাপন

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, November 19, 2026
ঢাকায় রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদ্‌যাপন

ঢাকায় রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান ও কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক জন্মদিন উদ্‌যাপন করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘ক্রীড়া’। যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের অন্যতম সেতুবন্ধ হিসেবে খেলাধুলার প্রতি দুই দেশের অভিন্ন আবেগকে গুরুত্ব দেওয়া হয়।


অনুষ্ঠানে ক্রিকেট ও ফুটবলসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর ক্রীড়া সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় অতিথিরা ব্রিটিশ ও বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পাশাপাশি রাজা তৃতীয় চার্লসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আনুষ্ঠানিকভাবে টোস্ট উত্থাপন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, শিল্পকলা, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।


এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের বন্ধু ও অংশীদারদের সঙ্গে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উদ্‌যাপন করতে পেরে ব্রিটিশ হাইকমিশন অত্যন্ত আনন্দিত।


তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশ—উভয় দেশের মানুষের দৈনন্দিন জীবনের অংশ খেলাধুলা। এ বছর দুই দেশের মধ্যে দৃঢ় ক্রীড়া সম্পর্ক বজায় ছিল। সব সময় একই দলকে সমর্থন না করলেও খেলাধুলার প্রতি দুই দেশের মানুষের আবেগ ও ভালোবাসা একই রকম। এ আয়োজন দুই দেশের সংযোগ ও বন্ধুত্ব উদ্‌যাপনের চমৎকার সুযোগ তৈরি করেছে।


এবারের জন্মদিন উদ্‌যাপনে সহযোগিতা করেছে এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউনিলিভার, লা মেরিডিয়ান, এসিসিএ, এয়ারবাস, টাইসার্স ও মানা বে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News