থাইল্যান্ডে মাঝ সমুদ্রে নৌযানের ইঞ্জিন বিকল, ২২ পর্যটক উদ্ধার
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, November 22, 2026
সংগৃহীত
থাইল্যান্ডের তারুতাও ন্যাশনাল মেরিন পার্কে উত্তাল সমুদ্রে একটি পর্যটকবাহী নৌযানের ইঞ্জিন বিকল হয়ে ২২ পর্যটক আটকা পড়েন। পরে তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে। থাইল্যান্ডের সংবাদমাধ্যম খাওসোদ ইংলিশ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণ উপকূলের কাছে সামুদ্রিক পার্কের কোহ ফুয়েং দ্বীপের কাছে নৌযানটির ইঞ্জিন বিকল হয়। এ সময় পর্যটকেরা সাগরে স্নরকেলিং করছিলেন। ইঞ্জিন বিকল হওয়ায় তারা পানিতে আটকা পড়েন।
খবর পেয়ে পার্কের কর্মকর্তারা কোহ লিপ দ্বীপে অবস্থানরত মেরিন পার্কের কর্মী ও নৌবাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। ২২ পর্যটককেই উদ্ধার করে আও লিং এলাকায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজন সামান্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ইঞ্জিন বিকল হওয়া নৌযানটি পরে কোহ ডং দ্বীপের পূর্ব পাশে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নৌযানটি পরিদর্শন ও উদ্ধারের প্রস্তুতি নিচ্ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে উদ্ধার হওয়া পর্যটকদের জাতীয়তা, নৌযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম এবং ইঞ্জিন বিকলের কারণ জানা যায়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট সময়ও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।