বছরে ৬৪ মিলিয়ন চকোলেট পরিবেশন করে এমিরেটস
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, July 07, 2026
ছবি: এমিরেটস
বিশ্ব চকোলেট দিবস উপলক্ষে দুবাইভিত্তিক এয়ারলাইন এমিরেটস জানিয়েছে, তারা প্রতি বছর তাদের যাত্রীদের ৬৪ মিলিয়নেরও বেশি প্রিমিয়াম চকোলেট পরিবেশন করে। সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
এমিরেটসের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় চলতি বছরে যাত্রীদের জন্য পরিবেশিত চকোলেটের সংখ্যা ৪০ লাখ পিস বেড়েছে। এছাড়া চারটি কেবিন শ্রেণিতে বছরে প্রায় ২ কোটি ৬০ লাখ হাতে তৈরি চকোলেট ডেজার্ট পরিবেশন করা হয়।
সংস্থাটি জানায়, বছরে উপহারসামগ্রী ও অনবোর্ড সেবার জন্য প্রায় ৭ লাখ ৫০ হাজার কেজি প্রিমিয়াম চকোলেট এবং বিভিন্ন ডেজার্ট তৈরিতে প্রায় ২ লাখ ৬০ হাজার কেজি চকোলেট ব্যবহার করা হয়। এসব চকোলেটের কোকো দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার স্বনামধন্য উৎপাদনকারী অঞ্চল থেকে টেকসই উৎসের মাধ্যমে সংগ্রহ করা হয়।
এমিরেটসের কালিনারি ডিজাইন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডক্সিস বেকরিস বলেন, যাত্রীদের গন্তব্য ও আঞ্চলিক রুচির কথা বিবেচনায় রেখেই চকোলেট ডেজার্ট তৈরি করা হয়, যাতে তারা পরিচিত স্বাদের পাশাপাশি আন্তর্জাতিক মানের রন্ধন অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।
সংস্থাটি জানায়, তাদের ২৫০ জন পেস্ট্রি ও বেকারি শেফের দল বছরে ১২০টিরও বেশি ধরনের চকোলেট ডেজার্ট প্রস্তুত করেন। পাশাপাশি যাত্রীদের মধ্যে চকোলেট গ্রহণের হারও প্রতিবছর প্রায় ৫ শতাংশ করে বাড়ছে।
ইকোনমি ক্লাসে ট্রিপল চকোলেট মুস কেক, বিজনেস ক্লাসে চকোলেট এন্ট্রেমেট ও ইউএই'র কোকো জালিলা ব্র্যান্ডের চকোলেট এবং ফার্স্ট ক্লাসে ভালরোনা, কোকো জালিলা, ক্যানোনিকা ও নিউহাউসসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের চকোলেট পরিবেশন করা হয় বলে জানিয়েছে এমিরেটস।