বিদেশে কর্মী পাঠানোয় শীর্ষে সৌদি আরব
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, July 13, 2026
ছবি: মন্ত্রণালয়
২০১৫ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৪৫ লাখের বেশি বাংলাদেশি কর্মী পাঠিয়ে দেশের বৃহত্তম শ্রমবাজার হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে সৌদি আরব। এর পরের অবস্থানে রয়েছে ওমান, মালয়েশিয়া ও কাতার।
রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সভায় বিএমইটির উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ১০ লাখ ১৫ হাজার ৩১১ জন এবং ২০২৫-২৬ অর্থবছরে ৯ লাখ ৮৫ হাজার ১২০ জন বাংলাদেশি বিদেশে কর্মসংস্থান লাভ করেছেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
২০১৫ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে সৌদি আরবে ৪৫ লাখের বেশি কর্মী গেছেন। একই সময়ে ওমানে ৯ লাখ ৩৬ হাজার, মালয়েশিয়ায় ৮ লাখ ৪৫ হাজার এবং কাতারে ৭ লাখ ১৪ হাজার কর্মী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
বিএমইটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও)সহ বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে রেকর্ড ১১ লাখ ৩ হাজার ৬৬১ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ লাখ ৬৭ হাজার ৪১৯ জন সম্পূর্ণ কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।
বর্তমানে দেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) এবং একটি ডিটিটিটিআইয়ের মাধ্যমে ৫৫টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে বিএমইটি বর্তমানে জাপানি, কোরিয়ান, জার্মান ও ইতালিয়ানসহ মোট আটটি ভাষায় বিশেষায়িত ভাষা শিক্ষা কোর্স পরিচালনা করছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ১৪ হাজার ৪৫৩ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষ নারী কর্মী তৈরির লক্ষ্যে দেশের ছয়টি মহিলা টিটিসিতে আধুনিক কেয়ারগিভিং কোর্স চালু করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।