হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদি আরবের সহযোগিতার আহ্বান বাংলাদেশের
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, July 13, 2026
বাংলাদেশের হজযাত্রীদের হজ পালন ব্যয় কমাতে সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে হজ ফ্লাইটের ওপর আরোপিত কর ও চার্জ কমানো এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য ক্যাটেগরি-ডি আবাসন সুবিধা পুনর্বহালের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া।
সোমবার (১৩ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ হ্রাস করা হলে বাংলাদেশের বিপুলসংখ্যক হজযাত্রীর ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। তিনি এ বিষয়ে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন। জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য ক্যাটেগরি-ডি আবাসন সুবিধা না থাকায় প্রতি যাত্রীর আবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। তিনি বাংলাদেশি হজযাত্রীদের স্বার্থে ক্যাটেগরি-ডি সুবিধা পুনর্বহালে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মানোন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিক। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ গ্রহণে কাজ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন ও হজ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। শেষে উভয় পক্ষ হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।