Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিমান চলাচলে নতুন প্রযুক্তি আনতে সংস্কারের আহ্বান আইকাওর

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 20, 2026
বিমান চলাচলে নতুন প্রযুক্তি আনতে সংস্কারের আহ্বান আইকাওর

ছবি- আইকাও

বিমান চলাচলে কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় প্রযুক্তি ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে বৈশ্বিক নীতিমালা সংস্কারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সদস্য দেশগুলো।


কানাডার মন্ট্রিয়লে আইকাওর সদর দপ্তরে আয়োজিত বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের চতুর্থ দিনের আলোচনায় এ আহ্বান জানানো হয়। আইকাওর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সম্মেলনে প্রতিনিধিরা বলেন, নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিমান চলাচলের অর্থনৈতিক ও নিয়ন্ত্রক কাঠামো হালনাগাদ করা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে নিরাপত্তা, বিনিয়োগ ও আন্তর্জাতিক বিমান পরিবহনব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।


আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় প্রযুক্তি, টেকসই বিমান জ্বালানি (এসএএফ) এবং উন্নত আকাশপথে পরিবহনব্যবস্থার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। নতুন প্রযুক্তি পরীক্ষার জন্য পরীক্ষামূলক নিয়ন্ত্রক ব্যবস্থা ও বিশেষ করিডর তৈরির বিষয়টিও উঠে আসে। এসব ব্যবস্থার মাধ্যমে বাধ্যতামূলক নীতিমালা তৈরির আগে নতুন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা যাবে।


ডিজিটাল ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব


সম্মেলনে বিমান চলাচলে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। প্রতিনিধিরা বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা, আকাশপথে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ এবং নির্ভরযোগ্য তথ্য আদান-প্রদান বিমান চলাচলের নিরাপত্তা ও দক্ষতা বাড়াতে সহায়তা করবে।


এ ছাড়া অভিন্ন ডিজিটাল মানদণ্ড তৈরি এবং সাইবার নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন আকারের বিমান সংস্থার জন্য ডিজিটাল প্রযুক্তি সাশ্রয়ী করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলেন তাঁরা।


প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নীতিমালা হালনাগাদ করতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক বিমান চলাচলে বিভিন্ন দেশের নিয়মের মধ্যে সামঞ্জস্য রাখার ওপরও গুরুত্ব দেন প্রতিনিধিরা।


পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ


বিমান চলাচলে কার্বন নিঃসরণ কমাতে টেকসই জ্বালানি ও বিকল্প শক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন সম্মেলনের প্রতিনিধিরা। তাঁদের মতে, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়লে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হবে। পাশাপাশি দক্ষ কর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তাও বাড়বে।


এ জন্য আন্তর্জাতিক সহযোগিতা, বিনিয়োগ এবং জ্বালানির সরবরাহব্যবস্থা উন্নত করার আহ্বান জানানো হয়। বিশ্বজুড়ে টেকসই বিমান জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়াতে অভিন্ন সনদায়ন ও মানদণ্ড তৈরির পক্ষেও মত দেন তাঁরা।


উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। সম্মেলনে সদস্য দেশগুলো বিমান চলাচলের নিয়ন্ত্রক, অর্থনৈতিক ও ডিজিটাল কাঠামো আধুনিকায়নের বিষয়ে একমত হয়। এ ক্ষেত্রে সদস্য দেশগুলোকে দিকনির্দেশনা ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে আইকাওর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News