বিমান খাতে বিনিয়োগ ও দক্ষ জনবল তৈরিতে আইকাওয়ের সহায়তা চায় সদস্য দেশগুলো
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, November 18, 2026
বিমান খাতের উন্নয়নে আইকাওয়ের দিকনির্দেশনা চান সদস্য দেশগুলোর প্রতিনিধিরা । ছবি- আইকাও
বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সদস্যদেশগুলোকে আরও দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা। এ জন্য দেশগুলোর সক্ষমতা বাড়াতে আইকাওয়ের সহায়তা চেয়েছেন তারা।
কানাডার মন্ট্রিলে আইকাওয়ের সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনায় এসব বিষয় উঠে আসে। মঙ্গলবারের আলোচনায় অবকাঠামো, দক্ষ জনবল ও কৌশলগত অংশীদারত্বে বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আইকাওয়ের তথ্য অনুযায়ী, প্রতিনিধিরা মনে করেন, বাণিজ্য ও পর্যটনের প্রসারের মাধ্যমে বিমান যোগাযোগ অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই জাতীয় উন্নয়ন পরিকল্পনায় বিমান যোগাযোগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
আলোচনায় বিমানবন্দরের অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং বিভিন্ন উৎস থেকে অর্থায়নের বিষয়েও আলোচনা হয়। প্রতিনিধিরা বলেন, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও ঝুঁকি বিশ্লেষণ করে বিনিয়োগযোগ্য প্রকল্প তৈরি করতে হবে।
এ ছাড়া বিমান চলাচল ব্যবস্থাপনায় প্রযুক্তির উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরিতে বিনিয়োগের ওপর গুরুত্ব দেন তাঁরা। কর্মীদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
প্রতিনিধিরা বলেন, বেসরকারি বিনিয়োগ ও ছাড়ভিত্তিক পরিচালনব্যবস্থা বিমান খাতের উন্নয়নে সহায়ক হতে পারে। তবে এ ক্ষেত্রে কার্যকর নিয়ন্ত্রক তদারকি থাকতে হবে।
আইকাও জানিয়েছে, আলোচনায় সংস্থাটির কাছ থেকে আরও তথ্যভিত্তিক দিকনির্দেশনা পাওয়ার বিষয়ে প্রতিনিধিরা একমত হয়েছেন। এতে বিভিন্ন দেশ বিমান যোগাযোগের অর্থনৈতিক সুফল আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে।
সোমবার মন্ট্রিলে আইকাওয়ের সদর দপ্তরে সম্মেলনটি শুরু হয়। এতে ১১৫টি সদস্যদেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিনিধিদলে রয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এস এম লাভলুর রহমানও।