Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এভিয়েশন হাব গড়তে আইকাওর সহযোগিতা চাইলেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী

এভিয়েশন হাব গড়তে আইকাওর সহযোগিতা চাইলেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী

ছবি: মন্ত্রণালয়


বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সহযোগিতা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 


কানাডার মন্ট্রিলে আইকাওর সপ্তম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের ফাঁকে তিনি আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমার সঙ্গে বৈঠক করেন। একই সময়ে থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গেও তাঁর আলাদা বৈঠক হয়। 


বৃহস্পতিবার প্রকাশিত মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই বৈঠকে বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়ন, আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা, নিরাপত্তা, দক্ষ জনবল তৈরি, পর্যটন ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।


আইকাও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মন্ত্রী এভিয়েশন হাব গড়তে খাতের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোয় আইকাওর সহায়তা চান। 


তিনি আইকাওর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সক্ষমতা উন্নয়নের কর্মসূচি চালানো এবং জাতীয় বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার ওপর জোর দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে এভিয়েশন শিক্ষা এবং বিশেষায়িত একাডেমিক ও পেশাগত প্রশিক্ষণ বাড়িয়ে টেকসই দক্ষ জনবল গড়ার প্রয়োজনীয়তার কথা বলেন।


আইকাও প্রেসিডেন্ট বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতি ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেন এবং বর্তমান সরকারের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন। 



তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন বাজার ও খাতের উন্নয়নে সরকারের চলমান কাজেরও প্রশংসা করেন। রেডিও ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম ব্যবস্থাপনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের ওপরও তিনি গুরুত্ব দেন।


মন্ত্রী ১৩ বছরের বেশি সময় পর এ ধরনের বৈশ্বিক এয়ার ট্রান্সপোর্ট সম্মেলন আয়োজনের জন্য আইকাও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। বৈঠকের শেষে তিনি ওনুমাকে ঢাকা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান। সফরের কোনো তারিখ ঠিক হয়েছে কি না, বিজ্ঞপ্তিতে তা বলা হয়নি।


থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি পানিয়া চুপানিচ এবং দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এই বৈঠকে ছিল। বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।


কারিগরি সহযোগিতার অংশ হিসেবে মন্ত্রী সরকারি পর্যায়ে (জি২জি) থাইল্যান্ডের ফ্লাইট ইন্সপেকশন ইউনিটের (এফআইইউ) সহায়তায় বাংলাদেশের নেভিগেশন সহায়ক যন্ত্রপাতির ফ্লাইট ক্যালিব্রেশন ও ফ্লাইট ভ্যালিডেশনের আনুষ্ঠানিক অনুরোধ জানান। 


বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে, মন্ট্রিল সম্মেলনে বাংলাদেশের এই সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণসহ বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News