বৈশ্বিক বিমান চলাচলে আরও কঠোর বিধিমালার আহ্বান আইকাও সদস্যদের
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, November 19, 2026
ছবি- আইকাও
বিশ্বজুড়ে বেসামরিক বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সদস্যদেশগুলো।
আইকাওর সপ্তম বিশ্বব্যাপী বিমান পরিবহন সম্মেলনের তৃতীয় দিনের আলোচনায় এ আহ্বান জানানো হয়। সম্মেলনে জাতীয় পর্যায়ে বিমান চলাচলসংক্রান্ত বিধিমালা ও প্রতিষ্ঠান আধুনিকায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে নীতিমালার মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় ঝুঁকিভিত্তিক বিধিমালা, তথ্য-প্রমাণের ভিত্তিতে নীতি নির্ধারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে প্রতিনিধিরা একমত হন। তাঁদের মতে, এসব উদ্যোগ আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগব্যবস্থাকে আরও স্থিতিশীল করতে সহায়তা করবে।
বিমান পরিবহন খাতের বাজার উন্মুক্ত করার ক্ষেত্রেও ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণের পক্ষে মত দেন প্রতিনিধিরা। তাঁরা বলেন, ধাপে ধাপে বাজার উন্মুক্ত করার পাশাপাশি যথাযথ নিয়ন্ত্রণব্যবস্থা রাখতে হবে। এতে বিমান চলাচলসেবা বাড়ানোর পাশাপাশি কার্যকর তদারকিও নিশ্চিত করা সম্ভব হবে।
জাতীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে নমনীয় ও প্রয়োজন অনুযায়ী বিধিমালা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে নতুন প্রযুক্তি ও বাজারের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এসব বিধিমালা হালনাগাদ করার কথা বলেন অংশগ্রহণকারীরা।
চালকবিহীন উড়োজাহাজ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে ঝুঁকিভিত্তিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ ছাড়া প্রত্যন্ত, দুর্গম ও পর্যাপ্ত বিমান যোগাযোগসুবিধাবঞ্চিত এলাকায় আকাশপথে যোগাযোগ বাড়াতে বিশেষ ব্যবস্থা ও সহায়তার বিষয়েও আলোচনা হয়।
বিমান চলাচলের বিভিন্ন ফি ও কর নির্ধারণের ক্ষেত্রে আইকাওর নীতিমালা স্বচ্ছতা ও বৈষম্যহীনতার সঙ্গে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিনিধিরা বলেন, বিমানবন্দর ও আকাশপথে নেভিগেশন সেবার জন্য আরোপিত ফি শিকাগো কনভেনশনের ১৫ নম্বর অনুচ্ছেদ এবং আইকাওর ডকুমেন্ট ৯০৮২-এর নীতিমালা অনুযায়ী হতে হবে। এসব নীতির মধ্যে রয়েছে সেবার খরচের সঙ্গে ফি নির্ধারণের সামঞ্জস্য, স্বচ্ছতা এবং সেবা ব্যবহারকারীদের সঙ্গে পরামর্শ।
বিদ্যমান ও নতুন কর এবং শুল্ক বিমান যোগাযোগ, টিকিটের দাম, প্রতিযোগিতা ও অবকাঠামো উন্নয়নে অর্থায়নের ওপর কী প্রভাব ফেলছে, তা মূল্যায়নের আহ্বান জানানো হয়। বিশেষ করে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ বাজারের ক্ষেত্রে এ বিষয়গুলো বিবেচনার কথা বলা হয়।
আন্তর্জাতিক বিমান পরিবহনের ক্ষেত্রে দ্বৈত বা একাধিকবার কর আরোপ এবং বৈষম্যমূলক করব্যবস্থা বন্ধে আইকাওর নীতিমালা বাস্তবায়ন জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আবাসভিত্তিক করনীতি বজায় রাখার কথা বলা হয়।
আন্তর্জাতিক করব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখতে বিমান চলাচল, অর্থ ও কর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান প্রতিনিধিরা।
সদস্যদেশগুলোকে কার্যকর ফি ও কর কাঠামো তৈরিতে সহায়তা করতে আইকাওর ভূমিকার বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ ক্ষেত্রে বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, নীতিমালা হালনাগাদ, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে দক্ষ জনবল তৈরি, টেকসই অর্থায়ন এবং বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, বিমান চলাচল খাতের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে নিয়মিত পেশাগত প্রশিক্ষণ, আইন আধুনিকায়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বয়ব্যবস্থা উন্নত করা প্রয়োজন।
যাত্রীদের অধিকার সুরক্ষায় সুস্পষ্ট বিধিমালা তৈরির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। ফ্লাইট বিঘ্নের শিকার যাত্রীদের জন্য সহজ অভিযোগ ও বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা রাখার আহ্বান জানান প্রতিনিধিরা। তাঁরা বলেন, বিধিমালার মধ্যে সমন্বয় থাকলে যাত্রীদের অধিকার রক্ষার পাশাপাশি উড়োজাহাজ সংস্থাগুলোর মধ্যে ন্যায্য প্রতিযোগিতাও নিশ্চিত হবে।
আলোচনা শেষে সদস্যদেশগুলোকে নীতিগত দিকনির্দেশনা, কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখতে আইকাওর নেতৃত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে বলা হয়, বৈশ্বিক বিমান পরিবহন খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক, কার্যকর ও স্থিতিশীল নিয়ন্ত্রক কাঠামো এবং শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।