Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

দেশের বিমানবন্দরে অ্যান্টি-ড্রোন সিস্টেম

দেশের বিমানবন্দরে অ্যান্টি-ড্রোন সিস্টেম

দেশের প্রধান বিমানবন্দরগুলোতে অবৈধ ড্রোন উড্ডয়ন ঠেকাতে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিমানবন্দরের সংবেদনশীল এলাকায় অননুমোদিত ড্রোন চলাচল রোধ এবং বিমান নিরাপত্তা জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এ সিদ্ধান্তের কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হয়।


প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দর এলাকার আশপাশে অবৈধ ড্রোন উড্ডয়ন বিমান চলাচল, যাত্রী নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করে। অ্যান্টি-ড্রোন সিস্টেম চালু হলে এসব অননুমোদিত উড্ডয়ন প্রতিরোধ করা সম্ভব হবে।


তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরগুলোতে ন্যূনতম প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে স্ক্যানার, সংরক্ষণে রাখতে হবে। একই সঙ্গে কমিটির সিদ্ধান্তগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা দেন তিনি।


সম্প্রতি বিমানবন্দরের আশপাশে অননুমোদিত ড্রোন উড্ডয়নের একাধিক ঘটনার পর সিএএবি এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।


এর আগে সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বিমানবন্দরসহ সংবেদনশীল এলাকায় অবৈধ ড্রোন পরিচালনার বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি ড্রোন পরিচালনাকারীদের বিদ্যমান বিধিমালা সম্পর্কে অবগত হয়ে তা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান।


সভায় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার, বিমানবন্দরের নিরাপত্তা প্রযুক্তির উন্নয়ন এবং আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিরাপত্তা নিরীক্ষা সামনে রেখে সংস্থাটির মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News