বিমান ভাড়া কমানো ও সিলেট বিমানবন্দর আন্তর্জাতিকীকরণের আশ্বাস মন্ত্রী আফরোজার
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, June 04, 2026
ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে আনা এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার আশ্বাস দিয়েছেন।
যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে লন্ডনে সফরত বিমান মন্ত্রী এ আশ্বাস দেন ।
বিমান ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, “ঢাকায় ফিরে আমার টিমের সঙ্গে আলোচনা করে কীভাবে ভাড়া কমানো যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”
সিলেট বিমানবন্দরের উন্নয়ন নিয়ে তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। সম্প্রতি দেশে ফেরার পথে সিলেট বিমানবন্দরে অবতরণ করে তিনি বিভিন্ন সমস্যা প্রত্যক্ষ করেছেন বলেও উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, “সিলেট বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব।” যাত্রীসেবার মান উন্নয়নের অংশ হিসেবে বিমানবন্দরে লিফট স্থাপনেরও প্রতিশ্রুতি দেন তিনি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে আফরোজা খানম বলেন, চলতি বছরের মধ্যেই এটি চালু করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
তিনি বলেন, “বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় প্রকল্পের কাজ এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সেবার মান আরও উন্নত হবে।”
তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ ও জাপান সরকার একটি সন্তোষজনক অবস্থানে পৌঁছেছে। তৃতীয় টার্মিনাল চালু হলে দেশের আকাশ পরিবহন খাতে উল্লেখযোগ্য রাজস্ব আয়ের সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় প্রবাসী বাংলাদেশিদের দেশের অর্থনীতি, বিশেষ করে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী আফরোজা খানম।