কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত বাংলাদেশিদের দেখতে হাসপাতালে রাষ্ট্রদূত
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, June 04, 2026
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিতে ফারওয়ানিয়া হাসপাতাল ও শেখ জাবের আল-আহমদ আল-সাবাহ হাসপাতাল পরিদর্শন করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি।
৩ জুন ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ওই হামলায় পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি দুইজন প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর হাসপাতাল ত্যাগ করেছেন।
৩ ও ৪ জুন হাসপাতাল পরিদর্শনের সময় রাষ্ট্রদূত আহত বাংলাদেশি কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের কাছে বাংলাদেশ সরকারের সহমর্মিতা ও সমর্থনের বার্তা পৌঁছে দেন।
দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিদের যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে।