দিল্লির হোটেল অগ্নিকাণ্ড: নিরাপত্তা ব্যবস্থা তদারকির নির্দেশ, হোটেল মালিক গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, June 04, 2026
ভারতের নয়াদিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু হওয়ার ঘটনায় হোটেলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার পর দিল্লি সরকার শহরের সব ধরনের ভবনে অগ্নি-নিরাপত্তা বিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে হোটেলটির মালিক লাভকেশ বাজাজকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক ঘণ্টা আগেই আগুনে ভবনটি পুড়ে যায় এবং অন্তত নয়জন ভারতীয় নাগরিকসহ বেশ কয়েকজন বিদেশি নিহত হন।
এ পর্যন্ত নিহত বিদেশিদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের একজন লাইবেরিয়ার এবং অন্যজন মোজাম্বিকের নাগরিক।
বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আটজন বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতে অগ্নিনির্বাপণ সরঞ্জামের ঘাটতি এবং নিরাপত্তা বিধি উপেক্ষার কারণে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে থাকে।
ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ফ্লারিশ স্টে হোটেলে আগুন ছড়িয়ে পড়লে উপরের তলায় আটকে পড়া কয়েকজনকে নিচে পাতা গদির ওপর লাফিয়ে পড়তে দেখা যায়।
এ সময় অনেকে গুরুতর দগ্ধ হন। এছাড়া প্রাণ বাঁচাতে রাস্তায় লাফিয়ে পড়ার কারণে অনেকে হাড় ভাঙাসহ বিভিন্ন আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন।
এদিকে বৃহস্পতিবার সকালে পৃথক আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের মুজাফ্ফরপুরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ওয়ার্ডে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসনের কর্মকর্তা সুব্রত কুমার সেন জানান।