বিমানবন্দর উন্নয়ন ও নতুন রুট চালুতে এগিয়ে আমিরাত
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 28, 2026
যাত্রীসংখ্যা বাড়তে থাকায় বিমানবন্দর সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং নতুন গন্তব্যে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে দেশটির উড়োজাহাজ সংস্থাগুলো বহর বাড়ানো ও উড়োজাহাজের কেবিন আধুনিকায়নে কাজ করছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৬ সালের প্রথম নয় মাসে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছেন ৫ কোটি ৪ লাখ যাত্রী। এর মধ্যে তৃতীয় প্রান্তিকে যাত্রী ছিলেন ১ কোটি ৮৮ লাখ। এ সময়ে বিমানবন্দরটিতে ২ লাখ ৪৩ হাজার উড়োজাহাজ ওঠানামা করেছে। পণ্য পরিবহন হয়েছে ১২ লাখ ১৫ হাজার টন। বর্তমানে ৫৭টি উড়োজাহাজ সংস্থা ১০১টি দেশের ২৩৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
আবুধাবির বিমানবন্দরগুলোতে তৃতীয় প্রান্তিকে যাত্রীসংখ্যা ছিল ৮৬ লাখ ১০ হাজার। আগের বছরের একই সময়ের তুলনায় তা ১ দশমিক ৪ শতাংশ বেশি। এর মধ্যে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছেন ৮৪ লাখ ৫০ হাজার যাত্রী। অন্যদিকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছেন ১ কোটি ১৬ লাখের বেশি যাত্রী।
বিমানবন্দর উন্নয়নেও বড় বিনিয়োগ করছে ইউএই। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও দুবাই ওয়ার্ল্ড সেন্টারের উন্নয়নে ১ হাজার ৬০০ কোটি দিরহাম বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে ৭৫০ কোটি দিরহামের বেশি মূল্যের কাজের চুক্তি হয়েছে। এসব কাজের মধ্যে রয়েছে সড়ক, সেতু, উড়োজাহাজ ওঠানামার অবকাঠামো এবং ব্যাগেজ ব্যবস্থার উন্নয়ন।
এ ছাড়া আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে প্রায় ৫ হাজার ৬৫০ কোটি দিরহামের কাজের চুক্তি হয়েছে। এতে প্রকল্পটির মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার কোটি দিরহাম। আবুধাবিতেও ২৪০ কোটি দিরহাম ব্যয়ে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন ও যাত্রী টার্মিনাল সম্প্রসারণের কাজ চলছে।
এদিকে এমিরেটস এয়ারলাইন দুবাই থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। ইউএই ও ফিনল্যান্ডের মধ্যে এটিই হবে সারা বছর প্রতিদিন চলাচলকারী প্রথম সরাসরি ফ্লাইট। পাশাপাশি সংস্থাটি তাদের ২১৯টি উড়োজাহাজের কেবিন আধুনিকায়ন করছে। সেপ্টেম্বর পর্যন্ত ১০৪টি উড়োজাহাজের কাজ শেষ হয়েছে। ডিসেম্বরের মধ্যে ১১৬টি উড়োজাহাজের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
ইতিহাদ এয়ারওয়েজ চীনের পাঁচটি নতুন শহরে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে। শহরগুলো হলো সাংহাই, গুয়াংজু, চেংদু, হাংজু ও শেনজেন। এর ফলে চীনে সপ্তাহে ২৮টি অতিরিক্ত ফ্লাইট যুক্ত হবে। বেইজিংসহ দেশটির ছয়টি গন্তব্যে সংস্থাটির সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দাঁড়াবে ৩৫টিতে।
এ ছাড়া জুনে পোল্যান্ডের ক্রাকো, স্পেনের পালমা দে মায়োর্কা, সিরিয়ার দামেস্ক ও তানজানিয়ার জানজিবারে সরাসরি ফ্লাইট চালু করেছে ইতিহাদ। ইউরোপের পাঁচটি মৌসুমি রুটেও ফ্লাইট চালু করেছে সংস্থাটি। এক বছরের ব্যবধানে তাদের উড়োজাহাজের বহর ২৩টি বেড়েছে।
দুবাইভিত্তিক স্বল্প খরচের উড়োজাহাজ সংস্থা ফ্লাইদুবাইও নতুন গন্তব্যে ফ্লাইট চালু করছে। ২০২৬ সালে সিরিয়ার আলেপ্পো, লিবিয়ার বেনগাজি ও থাইল্যান্ডের ব্যাংককে ফ্লাইট চালু বা পুনরায় শুরু করেছে সংস্থাটি। সেপ্টেম্বরে নেপালের পোখারায় প্রতিদিনের ফ্লাইট চালু করেছে তারা। কাঠমান্ডুর পর নেপালে এটি ফ্লাইদুবাইয়ের দ্বিতীয় গন্তব্য। সংস্থাটি তাদের উড়োজাহাজের বহর ১০০টির বেশি করার পরিকল্পনা করেছে। পাশাপাশি উড়োজাহাজের কেবিন আধুনিকায়নের কাজও শুরু করবে।