বিমানবন্দরে বোমার হুমকি, ড্রোন ও সাইবার হামলা মোকাবিলায় নতুন কৌশল
হাইব্রিড হুমকি মোকাবিলায় এসিআই ইউরোপের কৌশলপত্র প্রকাশ
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 14, 2026
বিমানবন্দরের নিরাপত্তায় হাইব্রিড হুমকি মোকাবিলার নতুন কৌশল এসিআই ইউরোপের । ছবি- সংগৃহীত
বিমানবন্দরে বোমা হামলার হুমকি, ড্রোনের অনুপ্রবেশ ও সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। এসব হুমকি মোকাবিলায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করতে নতুন কৌশল প্রকাশ করেছে ইউরোপের বিমানবন্দরগুলোর সংগঠন এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল ইউরোপ (এসিআই ইউরোপ)।
‘স্ট্র্যাটেজি পেপার অন হাইব্রিড থ্রেটস অ্যান্ড এয়ারপোর্ট রেজিলিয়েন্স’ শীর্ষক এই কৌশলপত্রে বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এয়ারপোর্টস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কৌশলপত্রে বলা হয়েছে, বিমানবন্দর শুধু যাত্রী ও পণ্য পরিবহনের কেন্দ্র নয়। ইউরোপের যোগাযোগ, অর্থনীতি, জরুরি সরবরাহ, দুর্যোগ মোকাবিলা এবং সামরিক চলাচলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বিমানবন্দরের কার্যক্রম সচল রাখা ইউরোপের সামগ্রিক নিরাপত্তার জন্য জরুরি।
এসিআই ইউরোপ বলছে, বিমানবন্দরগুলো ইতিমধ্যে সাইবার নিরাপত্তা, সংকট ব্যবস্থাপনা ও কার্যক্রম সচল রাখার সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করছে। তবে বর্তমান হুমকিগুলো জটিল ও অনিশ্চিত। এসব মোকাবিলায় বিমানবন্দর কর্তৃপক্ষ, এয়ারলাইনস, নিরাপত্তা সংস্থা, সরকার এবং ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।
কৌশলপত্রে বিচ্ছিন্নভাবে হুমকি মোকাবিলার পরিবর্তে একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এর আওতায় বিমানবন্দরের নিরাপত্তা, সাইবার সুরক্ষা, জরুরি পরিস্থিতিতে কার্যক্রম চালু রাখা এবং সংকট ব্যবস্থাপনাকে একই কাঠামোর মধ্যে আনার কথা বলা হয়েছে।
সংগঠনটি বলেছে, ইউরোপের বিদ্যমান জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থায় বিমানবন্দরের কার্যক্রমের জটিলতা এবং বাইরের অবকাঠামোর ওপর নির্ভরশীলতার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায় না। এ কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সরকারি সংস্থাগুলোর দায়িত্ব স্পষ্ট করার পাশাপাশি নিরাপত্তা সক্ষমতা বাড়াতে বিশেষ তহবিল গঠনের আহ্বান জানিয়েছে তারা।
ইএসিআই ইউরোপের মহাপরিচালক অলিভিয়ের জানকোভেক বলেন, হাইব্রিড হুমকিকে আর ছোট পরিসরের বিশেষজ্ঞদের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। বিমানবন্দরগুলোর পক্ষে একা এসব হুমকি মোকাবিলা করা সম্ভব নয়। এ জন্য প্রচলিত নিরাপত্তাব্যবস্থা ও সহযোগিতার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, দ্রুত গোয়েন্দা তথ্য আদান-প্রদান, দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমান চলাচল খাতের মধ্যে সমন্বয় জরুরি।
জানকোভেক আরও বলেন, হাইব্রিড হামলার উদ্দেশ্য সব সময় বড় ধরনের শারীরিক ক্ষতি করা নয়। বারবার বিঘ্ন সৃষ্টি, অনিশ্চয়তা ও আতঙ্ক ছড়িয়েও কার্যকরভাবে ক্ষতি করা সম্ভব। এর মাধ্যমে নিরাপত্তাব্যবস্থার ওপর চাপ তৈরি করা এবং জনসাধারণের আস্থা দুর্বল করার চেষ্টা করা হয়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরগুলোর আগাম প্রস্তুতি ও সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে।
সূত্র: এয়ারপোর্টস ইন্টারন্যাশনাল