Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

অবতরণের সময় রানওয়েতে ঘষা, ফের আকাশে উড়ল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

ডেস্ক রিপোর্ট | Published: Saturday, November 14, 2026
অবতরণের সময় রানওয়েতে ঘষা, ফের আকাশে উড়ল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

প্রথমবার অবতরণের চেষ্টা বাতিলের পর নিরাপদে অবতরণ করে ব্রিটিশ এয়ারওয়েজের বিমান । ছবি- ফ্লাইট রাডার ২৪

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণের সময় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানের পেছনের অংশ রানওয়েতে ঘষা লাগে। বৃহস্পতিবার আমস্টারডাম থেকে আসা ফ্লাইট বিএ৪৩১-এ এ ঘটনা ঘটে। তবে পরে বিমানটি নিরাপদে অবতরণ করে।


দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হিথ্রোর টার্মিনাল-৫-এ অবতরণের সময় এ ঘটনা ঘটে। অবতরণের সময় বিমানটির পেছনের অংশ রানওয়ে স্পর্শ করে। এ সময় বিমানটি কিছুটা দুলছিল। প্রথমে বাম পাশের চাকা, পরে ডান পাশের চাকা রানওয়ে স্পর্শ করে।


ঘটনার পর পাইলটেরা প্রথমবারের অবতরণ প্রচেষ্টা বাতিল করেন। বিমানটি আবার আকাশে উড্ডয়ন করে। পরে সকাল ১০টা ৪৯ মিনিটে নিরাপদে অবতরণ করে।


বিমান চলাচলের ওপর নজর রাখা বিগজেট টিভি তাদের সরাসরি সম্প্রচারে ঘটনাটি দেখতে পায়। পরে এক্সে দেওয়া পোস্টে তারা জানায়, অবতরণের সময় বিমানটির পেছনের অংশ দুইবার রানওয়েতে ঘষা লেগেছে। তবে বিষয়টি এয়ারলাইনস বা তদন্তকারীরা নিশ্চিত করেছেন কি না, তা জানা যায়নি।


ওই দিন হিথ্রোতে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ মাইল বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস ছিল। তবে আবহাওয়ার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


ব্রিটিশ এয়ারওয়েজ ঘটনার তদন্ত শুরু করেছে। বিষয়টি যুক্তরাজ্যের এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চের (এএআইবি) কাছেও জানানো হয়েছে।


ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে। তদন্তে এএআইবিকে সহযোগিতা করছে এয়ারলাইনস। তবে এ পর্যায়ে আইনগত কারণে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।


এর আগে গত ১৩ অক্টোবর জানালায় ফাটল দেখা দেওয়ার খবর পেয়ে পর্তুগালগামী ব্রিটিশ এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট বাতিল করেন পাইলটেরা। গ্যাটউইক থেকে ফারোগামী ওই বিমানটি উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ফিরে আসে।


সূত্র: দ্য টেলিগ্রাফ

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News