বিমানের ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত A1 সিট
সিনিয়র প্রতিবেদক
| Published: Wednesday, December 24, 2025
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-202-এ বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় (লন্ডন সময়) পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের বাসা থেকে হিথরো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি। ১৭ বছর পর প্রবাসজীবন শেষ করে দেশে ফেরার যাত্রা এটি।
বিমান সূত্রে জানা গেছে, ফ্লাইট BG-202 বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। রুটটি লন্ডন হিথরো–সিলেট–ঢাকা এবং উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তারেক রহমান উড়োজাহাজের এ১ সিটে অবস্থান করছেন।
ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৬:১৫ মিনিটে (ঢাকা সময় রাত ১২:১৫ মিনিটে বৃহস্পতিবার) লন্ডন হিথরো থেকে প্রস্থান করবে। পরিকল্পিতভাবে সিলেটে প্রথম অবতরণ সকাল ৯:৫৫ মিনিটে হবে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমান সকাল ১০:৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। শেষপর্যায়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১:৪৫ মিনিটে অবতরণ করবে।
বিমান প্রশাসন জানিয়েছে, ফ্লাইটের নিরাপত্তা, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং সিকিউরিটি ব্যবস্থায় অতিরিক্ত সমন্বয় করা হয়েছে, যা BG-202 পরিচালনার গুরুত্ব এবং সংবেদনশীলতার প্রতিফলন।
দলীয় সূত্র জানায়, তারেক রহমান দেশে ফেরার এই যাত্রা বাংলাদেশের রাজনৈতিক ও জনসাধারণের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।