কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন
নিজস্ব প্রতিবেদক
| Published: Sunday, November 01, 2026
কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম-২০২৬) বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
শনিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। দুবাই ও লন্ডন হয়ে আজ অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলন চলাকালে হুমায়ুন কবির পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা, ক্ষমতা ও প্রটোকল সুবিধা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য এ সম্মেলনের উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনে অংশ নেবেন তিনি। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এসব বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া এবং এ সময়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৯৯৬ সালের কার্যবিধিমালার ৪(iii) ধারা অনুযায়ী তাঁকে এ ক্ষমতা দেওয়া হয়।
'সমৃদ্ধ কমনওয়েলথের জন্য অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিত করা' প্রতিপাদ্যে এবারের সম্মেলনে সদস্য দেশগুলোর সরকারপ্রধান, মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অংশীদারত্ব ও টেকসই বিনিয়োগ জোরদারের পাশাপাশি জলবায়ু সহনশীলতা, বাণিজ্য, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হবে।
আফ্রিকা, এশিয়া, ক্যারিবীয় অঞ্চল, আমেরিকা, ইউরোপ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫৬টি দেশ কমনওয়েলথের সদস্য।