দাম্মাম হয়ে ঢাকায় ফের চালু হচ্ছে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, April 20, 2026
ছবি: সংগৃহীত
কুয়েত এয়ারওয়েজ সৌদি আরবের দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। আগামী ২৪ এপ্রিল থেকে সাপ্তাহিক দুটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এই রুটে সেবা পুনরায় শুরু হবে।
কুয়েত এয়ারওয়েজের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুলওয়াহাব আল শাত্তি জানান, ঢাকা রুটে যাত্রীদের চাহিদার গুরুত্ব বিবেচনায় নিয়েই এই পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দাম্মাম কেন্দ্র করে বিমান সংস্থাটির নেটওয়ার্ক বিস্তার ও গন্তব্য পুনরুদ্ধারের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কুয়েত বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে গালফ নিউজ জানায়, দাম্মাম হয়ে পরিচালিত রুটের মধ্যে সম্প্রতি লন্ডন, কায়রো, ইস্তাম্বুল, লাহোর, আম্মান, মুম্বাই ও দিল্লিসহ আরও কয়েকটি গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে।
আল শাত্তি আরও জানান, কুয়েত এয়ারওয়েজ বর্তমানে ১৪টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এবং ক্রমবর্ধমান যাত্রীচাহিদার প্রেক্ষিতে আরও রুট পুনরুদ্ধারে কাজ করছে। এ ক্ষেত্রে দক্ষ পরিচালনা নিশ্চিত করা এবং যাত্রীদের জন্য উন্নত সংযোগ সুবিধা প্রদানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সূত্র: গালফ নিউজ/কুনা