Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন

হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। ছবি: সংগৃহীত

২০২৬ সালের পবিত্র হজ মৌসুমের প্রথম ফ্লাইট রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৪ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে। 


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৫ ফ্লাইটটি ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বিমানবন্দর ত্যাগ করে। এতে চট্টগ্রাম থেকে ৩৭১ জন এবং ঢাকা থেকে আগত ৪১ জন হজযাত্রীসহ দুইজন সাধারণ যাত্রী ছিলেন।


হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক আল মামুন ফারুক।


অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হেলাল চলতি মৌসুমের হজ ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় গৃহীত বিভিন্ন উদ্যোগের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনি শাহ আমানত বিমানবন্দরের টার্মিনাল সম্প্রসারণে সরকারের ইতিবাচক আগ্রহের কথাও জানান।


পরে প্রতিমন্ত্রী বিমানে উঠে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলে যেন নিরাপদে হজ সম্পন্ন করে সুস্থভাবে দেশে ফিরতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করেন। তাঁর পক্ষ থেকে হাজিদের বিশেষ উপহার সামগ্রীও প্রদান করা হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাব চট্টগ্রামের চেয়ারম্যান মোহাম্মদ শরীয়ত উল্লাহ, হাব ও আটাব প্রতিনিধিবৃন্দ এবং বিমানবন্দরের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


কর্তৃপক্ষ জানায়, এ বছর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোট ১৬টি ফ্লাইটে প্রায় ৬ হাজার হজ যাত্রী সৌদি আরব যাবেন। আগামী ২০ মে সর্বশেষ হজ ফ্লাইট ছাড়বে এবং ৩১ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News