Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ডানায় বরফ নিয়েই উড্ডয়ন, এস৭ এয়ারলাইনসের ক্রুরা সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 20, 2026
ডানায় বরফ নিয়েই উড্ডয়ন, এস৭ এয়ারলাইনসের ক্রুরা সাময়িক বরখাস্ত

সংগৃহীত

যাত্রীর ধারণ করা একটি ভিডিওর কারণে এস৭ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ক্রুদের সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখা হয়েছে। মূলত উড়োজাহাজটির ডানায় তুষার ও বরফ জমে থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়ার এয়ারলাইনসটি।


রাশিয়ার বিমান চলাচলবিষয়ক সংবাদমাধ্যম অ্যাভিয়েটরশচিনার প্রতিবেদনে বলা হয়, ৯ নভেম্বর সাইবেরিয়ার ব্রাটস্ক থেকে ইরকুৎস্কগামী এস৭-৬৪৪৪ ফ্লাইটটি পরিচালনা করে এয়ারলাইনসটি। এমব্রেয়ার ১৭০ মডেলের উড়োজাহাজটি উড্ডয়নের সময় এক যাত্রী ডানায় জমে থাকা তুষার সরে যাওয়ার দৃশ্য ভিডিও করেন।


পরে ওই যাত্রী অভিযোগ করেন, উড়োজাহাজটির ডানায় তুষার ও বরফ জমে ছিল। কিন্তু উড্ডয়নের আগে তা পরিষ্কার করা হয়নি।


প্রতিবেদন অনুযায়ী, উড্ডয়নের সময় ব্রাটস্কে হালকা তুষারপাত হচ্ছিল। তাপমাত্রা ছিল মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এমন আবহাওয়ায় উড়োজাহাজের ডানায় তুষার জমে বরফ তৈরি হতে পারে।


অ্যাভিয়েটরশচিনা নাম প্রকাশ না করা দুটি সূত্রের বরাত দিয়ে জানায়, ওই পরিস্থিতিতে উড়োজাহাজের ডানা থেকে বরফ পরিষ্কার করা প্রয়োজন ছিল। তবে একটি সূত্রের দাবি, সেদিন ব্রাটস্ক বিমানবন্দরের বরফ পরিষ্কারের যন্ত্রপাতিতে সমস্যা ছিল। এ কারণে সময়মতো বরফ পরিষ্কারের গাড়ি পাওয়া যায়নি।


ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজের ক্যাপ্টেন নিজেই সেটি ঘুরে দেখেন। ডানায় বরফ জমে থাকতে না দেখে তিনি উড্ডয়নের সিদ্ধান্ত নেন। পরে উড়োজাহাজটি পরিষ্কার ডানা নিয়েই উড্ডয়ন করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এস৭ এয়ারলাইনস। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রুদের উড্ডয়ন থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।


তবে এ বিষয়ে এস৭ এয়ারলাইনসের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিমানবন্দরের বরফ পরিষ্কারের যন্ত্রপাতিতে সমস্যার বিষয়টিও এখন পর্যন্ত একটি সূত্রের দাবি।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News