Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এক হাজার কর্মী ছাঁটাই করবে লুফথানসা

ডেস্ক রিপোর্ট | Published: Friday, November 20, 2026
এক হাজার কর্মী ছাঁটাই করবে লুফথানসা

ছবি- সংগৃহীত

জার্মানির বিমান সংস্থা লুফথানসা ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। প্রত্যাশার চেয়ে ধীরগতিতে পুনর্গঠন কার্যক্রম এগোনো এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শুক্রবার এএফপির হাতে আসা একটি অভ্যন্তরীণ চিঠিতে এ তথ্য জানা গেছে।


লোকসান কমাতে ২০২৪ সালে ব্যয় সংকোচন কর্মসূচি শুরু করেছিল লুফথানসা। তবে কর্মীদের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, এ পর্যন্ত ঘোষিত পদক্ষেপগুলো এখন আর যথেষ্ট নয়।


চিঠিতে বলা হয়, চলতি বছরের প্রথম নয় মাসে প্রতি মাসে গড়ে ২ কোটি ইউরো (২ কোটি ২০ লাখ ডলার) লোকসান করেছে বিমান সংস্থাটি।


চিঠিতে আরও বলা হয়েছে, ‘২০২৬ সাল আমাদের পরিস্থিতিকে আরও পিছিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এখনো অত্যন্ত বেশি জ্বালানি ব্যয়, টানা নয় দিনের ধর্মঘট এবং আগে থেকেই উচ্চ পরিচালন ব্যয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’


জার্মানির প্রধান এই বিমান সংস্থাটি ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখ বিমানবন্দর থেকে ১ হাজার পূর্ণকালীন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির প্রায় ৪০ হাজার কর্মীর মধ্যে এই সংখ্যা প্রায় ২ দশমিক ৫ শতাংশ।


লুফথানসা ছাড়াও অস্ট্রিয়ান, সুইস ও ব্রাসেলস এয়ারলাইনসের মতো বিমান সংস্থা পরিচালনা করে লুফথানসা গ্রুপ। গত বছর ২০৩০ সালের মধ্যে পুরো গ্রুপ থেকে ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। মূলত প্রশাসনিক পদগুলোতে এই ছাঁটাইয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।


শুক্রবার প্রকাশিত ছাঁটাইয়ের পরিকল্পনাটি আগের ঘোষিত ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের অংশ কি না, নাকি এর বাইরে নতুন সিদ্ধান্ত, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন লুফথানসার এক মুখপাত্র।


তবে মূল বিমান সংস্থাটির এমন সংকটের মধ্যেও পুরো গ্রুপের আর্থিক অবস্থা ভালো রয়েছে। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গ্রুপটির মুনাফা ৩০ শতাংশ বেড়েছে, যা বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। দীর্ঘ দূরত্বের ফ্লাইটে প্রিমিয়াম টিকিটের চাহিদা বৃদ্ধির কারণে এই মুনাফা বেড়েছে।


তবে ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় গ্রুপটির ওপর চাপ তৈরি হয়েছে। ২০২৫ সালের তুলনায় চলতি বছর গ্রুপটির বার্ষিক জ্বালানি ব্যয় ২০০ কোটি ইউরো বেশি হতে পারে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News