ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট পুনরায় চালু
সিনিয়র প্রতিবেদক
| Published: Friday, January 30, 2026
ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উদ্বোধন করে এই রুট চালু করা হয়।
উদ্বোধনী ফ্লাইট বিজি-৩৪১ রাত ৮টা ১৫ মিনিটে করাচির উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। বোয়িং ৭৩৭ উড়োজাহাজে পরিচালিত ঐ ফ্লাইটে একজন শিশুসহ ১৫০ জন যাত্রী ভ্রমণ করেন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা–করাচি রুট পুনরায় চালু হওয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আকাশপথ যোগাযোগ জোরদারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. শফিকুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
কর্তৃপক্ষ জানায়, সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে।
এছাড়া যাত্রীদের জন্য সময় সাশ্রয়ী ও সহজ যাতায়াতের সুযোগ তৈরি হলে ট্রানজিটনির্ভর ভ্রমণের প্রয়োজন কমে আসবে বলেও আশা করা হচ্ছে।