দুবাইয়ের নতুন বিমানবন্দরে যুক্ত হবে একাধিক রেলপথ
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, November 24, 2026
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে শহর ও পার্শ্ববর্তী আমিরাতগুলোকে যুক্ত করতে একাধিক রেল প্রকল্প নেওয়া হচ্ছে। ২০৩২ সালের মধ্যে এসব প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। ৩৫ বিলিয়ন ডলার ব্যয়ে বিমানবন্দরটির সম্প্রসারণের পাশাপাশি এসব রেলপথ নির্মাণ করা হবে। আজ গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রসারণের পর প্রথম পর্যায়ে বিমানবন্দরটি বছরে ১৫ কোটি যাত্রী সামলাতে পারবে। পরে এ সক্ষমতা ২৬ কোটিতে উন্নীত করা হবে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব কার্যক্রম আল মাকতুম বিমানবন্দরে সরিয়ে নিতে স্থলপথের পরিবহনব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন দুবাই এয়ারপোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফিথস।
প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরটিকে কেন্দ্র করে কয়েকটি রেল প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে রয়েছে ইতিহাদ রেলের উচ্চগতির সংযোগ, দুবাই মেট্রোর সম্প্রসারণ, এয়ারপোর্ট এক্সপ্রেস এবং গোল্ড লাইন।
চালুর সম্ভাব্য সময়
* রেলের উচ্চগতির সংযোগ: চালুর তারিখ ঘোষণা হয়নি।
* দুবাই মেট্রোর বিমানবন্দর সম্প্রসারণ: ২০৩১ সাল।
* এয়ারপোর্ট এক্সপ্রেস: সম্ভাব্যতা যাচাই চলছে।
বিমানবন্দরের স্বয়ংক্রিয় যাত্রী পরিবহনব্যবস্থা: ডিসেম্বর ২০৩১।
দুবাই মেট্রো গোল্ড লাইন: ৯ সেপ্টেম্বর ২০৩২।
আবুধাবি ও দুবাইয়ের মধ্যে উচ্চগতির রেলপথ নির্মাণের ঘোষণা দেওয়া হয় ২০২৫ সালের জানুয়ারিতে। ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতিতে চলবে এই ট্রেন। এতে দুই আমিরাতের মধ্যে যাতায়াতে সময় লাগবে প্রায় ৩০ মিনিট।
দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) মহাপরিচালক মাত্তার আল তায়ের গত সেপ্টেম্বরে জানান, দুবাইয়ে এ রেলপথের দুটি স্টেশন থাকবে। একটি আল মাকতুম বিমানবন্দরে, অন্যটি আল জাদ্দাফ এলাকায়। তবে বিমানবন্দরের স্টেশনটি কবে চালু হবে, তা জানানো হয়নি।
চলতি মাসের শুরুতে আল মাকতুম বিমানবন্দর সিটিতে মেট্রোর সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। দুই বিলিয়ন দিরহাম ব্যয়ের এ প্রকল্পে তিন কিলোমিটার রেলপথ ও দুটি নতুন স্টেশন নির্মাণ করা হবে। এর মাধ্যমে মেট্রোর রুট ২০২০ বিমানবন্দরের ওয়েস্ট টার্মিনালের সঙ্গে যুক্ত হবে। ২০৩১ সালে এটি চালুর লক্ষ্য রয়েছে।
এদিকে ৫৫ কিলোমিটার দীর্ঘ এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন নির্মাণের প্রস্তাব রয়েছে। এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে আল মাকতুম বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে। পথে পাঁচটি স্টেশন থাকবে। আল জাদ্দাফ ও আল খাইল রোডের মধ্য দিয়ে যাবে এই রেলপথ। বিজনেস বে ও আল ফারদান এক্সচেঞ্জ মেট্রো স্টেশনের সঙ্গে সংযোগের প্রস্তাবও রয়েছে। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ে অন্তত এক বছর সময় লাগবে বলে জানিয়েছে আরটিএ।
৩৪ বিলিয়ন দিরহাম ব্যয়ে নির্মিত হবে ৪২ কিলোমিটার দীর্ঘ গোল্ড লাইন। এতে ১৮টি স্টেশন থাকবে। রেলপথটি ১৫টি এলাকাকে যুক্ত করবে। ২০৩২ সালের ৯ সেপ্টেম্বর এটি চালুর কথা রয়েছে। মেইদান ও জুমেইরাহ গলফ এস্টেট এলাকায় এটি ইতিহাদ রেলের সঙ্গে যুক্ত হবে। সরাসরি বিমানবন্দরকেন্দ্রিক না হলেও বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের যাতায়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন পল গ্রিফিথস।
বিমানবন্দরের ভেতরেও ৫০ কিলোমিটার দীর্ঘ স্বয়ংক্রিয় যাত্রী পরিবহনব্যবস্থা নির্মাণ করা হবে। এতে থাকবে ৯টি স্টেশন ও চালকবিহীন ১৬৫টি যান। ২০৩১ সালের ডিসেম্বরে এর কাজ শেষ হওয়ার কথা। নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের দাবি, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরভিত্তিক এ ধরনের পরিবহনব্যবস্থা।
এ ছাড়া যেকোনো স্থান থেকে চেক-ইনের সুবিধা চালুর বিষয়টি বিবেচনা করছে দুবাই এয়ারপোর্টস। এ ব্যবস্থায় যাত্রীরা ট্রেনে বসেই চেক-ইন করতে পারবেন। এরপর কম হাঁটাহাঁটি করে উড়োজাহাজের কাছে পৌঁছাতে পারবেন। এমনকি শহরের কোনো রেলস্টেশন থেকে লাগেজ সংগ্রহের ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে।
পল গ্রিফিথস জানান, এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে বাস্তবায়নের সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। যাত্রীদের যাতায়াতে আরও বেশি বিকল্প দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।