Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কোপেনহেগেন বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বাড়িয়ে সাড়ে ৫ কোটি করার পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 25, 2026
 কোপেনহেগেন বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বাড়িয়ে সাড়ে ৫ কোটি করার পরিকল্পনা

সংগৃহীত

ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বাড়িয়ে বছরে ৫ কোটি ৫০ লাখ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে বিমানবন্দরটি যত যাত্রী সামলায়, নতুন সক্ষমতা হবে তার চেয়ে প্রায় ৬০ শতাংশ বেশি। বিশ্বজুড়ে আকাশপথে ভ্রমণের চাহিদা বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।


বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান কোপেনহেগেন এয়ারপোর্টস এ/এস জানিয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে আকাশপথে ভ্রমণের চাহিদা দ্বিগুণ হবে।


বিমানবন্দরের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ প্রায় ৩ কোটি ৪৫ লাখ যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করবেন। ২০২৫ সালের তুলনায় এ সংখ্যা ২১ লাখ বেশি। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বিমানবন্দরটি ব্যবহার করেছেন ৯৯ লাখ যাত্রী। এই সময়ে যাত্রী চলাচলের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।


সম্প্রসারণ পরিকল্পনায় বিমানবন্দরের টার্মিনাল ও যাত্রীসেবার সুযোগ-সুবিধা বাড়ানো হবে। পাশাপাশি নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও আধুনিক প্রযুক্তির বিষয়গুলো গুরুত্ব পাবে। বিমানবন্দরের উত্তর-পশ্চিম অংশে বড় আকারের দূরপাল্লার উড়োজাহাজ রাখার জন্য নতুন জায়গা তৈরি করা হবে। এ জন্য একটি আড়াআড়ি রানওয়ে অন্য জায়গায় সরিয়ে ছোট করার পরিকল্পনাও রয়েছে।


কোপেনহেগেন বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টিয়ান পুলসেন বলেন, বিশ্বের সঙ্গে যোগাযোগ ডেনমার্কের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ। তাই দেশের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে বিমানবন্দরটির উন্নয়ন করতে হবে।


এই সম্প্রসারণের ফলে কর্মসংস্থানও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। তাদের পূর্বাভাস, ২০৩০ সালের মধ্যে বিমানবন্দর ও বিমান চলাচলশিল্পে ৩৫ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। এ খাতের অবদান ডেনমার্কের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬০০ থেকে ৯০০ কোটি ড্যানিশ ক্রোনার বাড়বে। ইউরোর হিসাবে এর পরিমাণ ৮০০ কোটি থেকে ১ হাজার ২০০ কোটি।


তবে সম্প্রসারণের পাশাপাশি পরিবেশের ওপর প্রভাব কমানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিমানবন্দরের শব্দদূষণ নিয়ন্ত্রণে শব্দরোধী দেয়াল আরও উঁচু ও বড় করা হবে। বিভিন্ন ভবনে শব্দ শোষণকারী আবরণ বসানোর কাজও চলছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রজন্মের উড়োজাহাজ সাধারণত আকারে বড় হলেও বেশি যাত্রী বহন করতে পারে। এসব উড়োজাহাজের শব্দদূষণ ও কার্বন ডাই-অক্সাইড নিঃসরণও তুলনামূলক কম। এ ছাড়া উড়োজাহাজের মাটিতে চলার পথ যতটা সম্ভব ছোট রাখার ব্যবস্থা করা হবে, যাতে বায়ুদূষণ কমানো যায়।


ডেনমার্কের পরিকল্পনা ও গ্রামীণ উন্নয়ন সংস্থা ২০২৮ সালের মধ্যে নতুন পরিকল্পনার কাঠামো তৈরির কাজ শেষ করবে বলে আশা করা হচ্ছে। অনুমোদন পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সম্প্রসারণ পরিকল্পনার বিভিন্ন অংশ বাস্তবায়ন শুরু করতে পারবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News