ঢাকাসহ তিন নতুন গন্তব্যে টিকিট বিক্রি শুরু করল রিয়াদ এয়ার
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, June 30, 2026
ছবি: সংগৃহীত
সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার (Riyadh Air) ঢাকাসহ তিনটি নতুন আন্তর্জাতিক গন্তব্যে টিকিট বিক্রি শুরু করেছে। নতুন এই রুটগুলো চালুর মাধ্যমে এয়ারলাইনটির মোট গন্তব্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়টিতে। বৈশ্বিক নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।
রিয়াদ এয়ার আগামী ১৪ জুলাই স্পেনের মালাগা, ৩০ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং ৭ আগস্ট ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে। বাণিজ্যিক কার্যক্রম শুরুর পর থেকেই ধাপে ধাপে গন্তব্য বাড়িয়ে চলেছে সৌদি আরবের নতুন এই এয়ারলাইন।
গত ১০ জুন রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে RX401 ফ্লাইট পরিচালনার মাধ্যমে রিয়াদ এয়ার-এর বাণিজ্যিক যাত্রা শুরু হয়।
ব্রান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে পরিচালিত ওই উদ্বোধনী ফ্লাইটটি সংস্থাটির জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং যা একই সঙ্গে এটি সৌদি আরবের বিমান চলাচল খাতকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণের প্রচেষ্টারও একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এর আগে, এয়ারলাইনটি রিয়াদ ও কায়রোর মধ্যে প্রতিদিন দুইটি ড্রিমলাইনার ফ্লাইট চালুর ঘোষণা দেয়, যা ২৫ জুন থেকে শুরু হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলেও সংস্থাটির নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হয়েছে।
সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর মালিকানাধীন রিয়াদ এয়ার দেশটির ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য অর্থনীতিকে বহুমুখীকরণ এবং রিয়াদকে একটি গ্লোবাল এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা।
এয়ারলাইনটি ২০৩০ সালের মধ্যে বিশ্বের ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে তারা ধীরে ধীরে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের বহর বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে।
বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে রিয়াদ এয়ার তাদের "Pathway to Perfect" অপারেশনাল প্রস্তুতি কর্মসূচির আওতায় একটি রিজার্ভ উড়োজাহাজ ব্যবহার করে লন্ডন রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করেছিল।
বিশ্লেষকদের মতে, নতুন তিনটি রুট চালুর ফলে ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোর সঙ্গে সৌদি আরবের আকাশপথের সংযোগ আরও শক্তিশালী হবে।
সূত্র: আল-আরাবিয়া।