গত দুই দশকে চীনের বেইজিংয়ে ছোট উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনাপঞ্জি
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, June 27, 2026
চীনের বেইজিংয়ে ৩০ জুলাই ২০১৮ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও তদন্তকারীরা কাজ করছেন। রয়টার্স।
গত শুক্রবার একটি ছোট উড়োজাহাজ চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে আছড়ে পড়েছে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। কঠোরভাবে নিয়ন্ত্রিত আকাশসীমার জন্য পরিচিত চীনের রাজধানীতে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বিরল।
চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে গত ২০ বছরে বেইজিংয়ে ছোট উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনার কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হয়েছে।
• ২৬ জুন, ২০২৬ - একটি গাড়ির সমান আকারের উড়োজাহাজ বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিআইটিআইসি টাওয়ারে আছড়ে পড়ে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিআইটিআইসি গ্রুপের সদরদপ্তর হিসেবে পরিচিত ভবনটিতে দুর্ঘটনায় পাইলট নিহত হন এবং আরও ১৩ জন আহত হন।
• ৬ জুলাই, ২০২২ - বেইজিংয়ের চ্যাংপিং ও ফাংশান জেলার মধ্যবর্তী একটি পর্যটন ফ্লাইট চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা দুই পাইলট নিহত হন।
• ৩০ জুলাই, ২০১৮ - পাইলটের ভুলের কারণে একটি বেসামরিক হেলিকপ্টার বেইজিংয়ের চাওইয়াং জেলার একটি গ্রামের পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়। এতে হেলিকপ্টারে থাকা চারজন আহত হন।
• ৬ জুন, ২০১৫ - একটি ছোট প্রশিক্ষণ হেলিকপ্টার মিয়ুন জলাধারে বিধ্বস্ত হলে দুইজন নিহত হন।
• ১০ এপ্রিল, ২০১৪ - বেইজিংয়ের মিয়ুন জলাধারের কাছে একটি নদীতে একটি ছোট প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এতে একজন পাইলট নিহত এবং অপর পাইলট আহত হন।
• ১৭ আগস্ট, ২০১১ - অনুসন্ধান ও উদ্ধার মহড়া শেষে ফেরার পথে একটি পুলিশ হেলিকপ্টার মিয়ুন জলাধারে বিধ্বস্ত হয়। এতে পাঁচ ক্রু সদস্যের মধ্যে চারজন নিহত হন।
• ১২ জুলাই, ২০০৮ - কীটনাশক ছিটানোর সময় উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনে ধাক্কা লেগে বেইজিংয়ের প্রত্যন্ত পিংগু জেলায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে পাইলট নিহত হন।
সূত্র- রয়টার্স