ঢাকাস্থ শেনজেন দূতাবাসগুলোর সতর্কবার্তা: ভিসা আবেদনে জাল কাগজপত্র জমা দিলে প্রত্যাখ্যান
নিজস্ব প্রতিবেদক
| Published: Monday, May 18, 2026
-কোলাজ ছবি
ভিসা আবেদনকারীদের জাল বা কারসাজি করা কাগজপত্র জমা না দেওয়ার বিষয়ে আবারও কঠোর সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস।
রবিবার দূতাবাসগুলোর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের শুধুমাত্র মূল ও আসল কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনো জাল বা কারসাজি করা নথি জমা দেওয়া হলে সংশ্লিষ্ট আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "অনুগ্রহ করে আপনার আবেদনের সাথে শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত কাগজপত্র জমা দিন। জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে আপনার আবেদনটি প্রত্যাখ্যান করা হবে।"
ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস নিয়মিতভাবে তাদের অফিসিয়াল সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে এ ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সততা নিশ্চিত করতে দূতাবাসগুলো এই ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
দূতাবাসগুলো বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে, নথি জালিয়াতি কেবল ভিসা বাতিলের কারণই নয়, ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞাসহ গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।
উল্লেখ্য, শেনজেন অঞ্চল ২৯টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত, যেখানে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নেওয়া হয়েছে। প্রতিবছর অনেক বাংলাদেশি নাগরিক ভ্রমণ, শিক্ষা ও অন্যান্য কারণে শেনজেন ভিসার আবেদন করে থাকে।