মালদ্বীপে ডাইভিং দুর্ঘটনায় পাঁচ ইতালীয় পর্যটকের মৃত্যু, খারাপ আবহাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, May 16, 2026
ছবি: সংগৃহীত
মালদ্বীপে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় পাঁচজন ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার নিশ্চিত করেছে। ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত একটি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মালদ্বীপের ভাভু অ্যাটলে একটি স্কুবা ডাইভিং অভিযানের সময় এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ডুবুরিরা প্রায় ৫০ মিটার গভীরে গুহা খোজার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক জীববিজ্ঞানের অধ্যাপক মনিকা মন্টেফালকোনে, তার মেয়ে জর্জিয়া সোমাক্কাল এবং দুই তরুণ গবেষক মুরিয়েল ওডেনিনো ও ফেদেরিকো গুয়ালতিয়েরি রয়েছেন। তারা রাজধানী মালের দক্ষিণে ভাভু অ্যাটলে গভীর গুহা ডাইভিং থেকে আর ফিরে আসেননি।
মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) জানায়, একটি মরদেহ গুহার ভেতরে পাওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে বাকি চারজনও একই গুহায় আটকে আছেন, যা প্রায় ৬০ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত।
শুক্রবার প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবারই ভাভু অ্যাটলে খারাপ আবহাওয়ার কারণে যাত্রীবাহী নৌকা ও জেলেদের জন্য হলুদ সতর্কতা জারি ছিল।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, নিখোঁজ চার ইতালীয়কে খোঁজে বের করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি নিহত ও নিখোঁজদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, "ডিউক অব ইয়র্ক" জাহাজে থাকা অভিযানের অন্য ২০ জন ইতালীয় সদস্য নিরাপদ আছেন। এছাড়া শ্রীলঙ্কায় নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত, যিনি মালদ্বীপের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক দেখভাল করেন, তিনি উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানী মালেতে পৌঁছেছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এটি মালদ্বীপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ একক ডাইভিং দুর্ঘটনা। গত ছয় বছরে দেশটিতে সামুদ্রিক দুর্ঘটনায় অন্তত ১১২ জন পর্যটকের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪২ জনই ডাইভিং বা স্নরকেলিং দুর্ঘটনার শিকার।
ভাভু অ্যাটল হলো মালদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দ্বীপগুচ্ছ, যা ডাইভিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত।
অ্যাটল হলো একটি বিশেষ ধরনের প্রবাল দ্বীপ বা দ্বীপমালা, যা সমুদ্রের মাঝে বৃত্তাকার বা আংটির মতো আকৃতিতে গঠিত হয়। এর মাঝখানে সাধারণত একটি অগভীর লেগুন (জলাশয়) থাকে।
সমুদ্রের নিচে আগ্নেয়গিরির চারপাশে প্রবাল জমতে জমতে ধীরে ধীরে অ্যাটল তৈরি হয়। কালক্রমে আগ্নেয়গিরি ডুবে গেলেও প্রবালের গোলাকার কাঠামোটি টিকে থাকে।
সূত্র: সিএসবি/এপি