ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম রিটেইল ডিসকাউন্ট উৎসব অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক
| Published: Wednesday, July 01, 2026
আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (BCFCC) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’।
বুধবার (১ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান ‘ইভেন্টকম’ এই ঘোষণা দেয়।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই ডিসকাউন্ট উৎসবে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ইউরোপের বিভিন্ন দেশের প্রায় ২৫০টি দেশি-বিদেশি জনপ্রিয় ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।
উৎসব চলাকালীন ক্রেতারা সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন, যার পাশাপাশি থাকবে ফ্ল্যাশ সেল এবং সীমিত সময়ের বিশেষ অফার।
উৎসবের কৌশলগত অংশীদার হিসেবে কাজ করছে ভ্যানটোরা কমিউনিকেশন্স লিমিটেড এবং পিআর পার্টনার হিসেবে রয়েছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড।
আয়োজকদের মতে, এই উৎসবের প্রধান লক্ষ্য হলো ক্রেতা এবং ব্র্যান্ডগুলোর জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন এবং ব্যবসায়ীরা তাদের গ্রাহক যোগাযোগ শক্তিশালী করতে পারবেন।
উদীয়মান বাংলাদেশি ব্র্যান্ডগুলোর বাজার প্রসারে এবং করপোরেট নেটওয়ার্কিং বৃদ্ধিতেও এই মেলা ভূমিকা রাখবে।
মেলায় অংশগ্রহণ করতে আগ্রহী ব্র্যান্ডগুলোর জন্য আগামী ১৬ জুলাইয়ের মধ্যে স্টল বুকিং করলে ফ্ল্যাট ৫০ শতাংশ ‘আর্লি বার্ড’ ডিসকাউন্টের সুযোগ রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এর প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, “ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬ দেশিয় ও বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন খুচরা বাজার, ক্রেতাদের সাথে ব্র্যান্ড-প্রতিষ্ঠানের সম্পর্ক বৃদ্ধি ও ব্র্যান্ড ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে।”
উৎসবের হেড অব অপারেশনস শফিকুল ইসলাম বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’।আকর্ষণীয় ছাড়ে ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। দেশিয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড এখানে অংশগ্রহণ করবে। জনপ্রিয় ব্র্যান্ডের সেরা অফারগুলো এখানে পাবেন।"
‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ বাংলাদেশের রিটেইল, ব্র্যান্ড মার্কেটিং এবং কনজ্যুমার এনগেজমেন্টে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পাবে নতুন বাজার, নতুন গ্রাহক এবং সম্ভাবনার নতুন দ্বার।”
নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে উৎসবের চিফ ফ্যাসিলিয়েটর (উইমেন এম্পাওয়ারমেন্ট) জিন্নাত আরা বারী বলেন, “বর্তমানে দেশের হাজারো নারী উদ্যোক্তা অত্যন্ত মানসম্মত পণ্য তৈরি করছেন। কিন্তু তাদের অনেকের জন্য বৃহৎ পরিসরে ক্রেতার কাছে পৌঁছানো, ব্র্যান্ড পরিচিতি তৈরি করা এবং নতুন ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়া এখনও বড় একটি চ্যালেঞ্জ।‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’ সেই সীমাবদ্ধতাকে দূর করবে।"
‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’-এ নারী উদ্যোক্তারা পণ্য বিক্রির পাশাপাশি হাজার হাজার সম্ভাব্য ক্রেতা, কর্পোরেট প্রতিষ্ঠান, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার এবং গণমাধ্যমের সামনে নিজেদের ব্র্যান্ডকে উপস্থাপনের সুযোগ পাবেন।”
আয়োজকরা জানান, এই উৎসবটি এখন থেকে প্রতি বছর আয়োজিত হবে এবং পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
ঢাকার পর আগামী বছর ১১-১৩ মার্চ চট্টগ্রামে, ১৩-১৫ মে রাজশাহীতে, ১০-১৩ জুন সিলেটে এবং ৯-১১ সেপ্টেম্বর খুলনায় এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভবিষ্যতে দেশের বাইরে আন্তর্জাতিকভাবেও এই উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।