ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে ফিরছে W.O.W Market
নারী উদ্যোক্তাদের ৩০ স্টলে থাকছে পোশাক, হস্তশিল্প, খাবারসহ নানা পণ্য
নিজস্ব প্রতিবেদক
| Published: Wednesday, September 16, 2026
প্রথম আয়োজনের সাফল্যের পর আবারও ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে অনুষ্ঠিত হতে যাচ্ছে W.O.W Market (Women of Worth and Wonder)। নারী উদ্যোক্তা, কারুশিল্পী ও সৃজনশীল নারীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার এই আয়োজন অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর।
সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের ২৫তম তলার বলরুমে W.O.W Market 2026 অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনে থাকছে ৩০টি স্টল। এতে প্রায় ৪০ জন নারী উদ্যোক্তা তাদের পণ্য ও সৃষ্টিশীল কাজ প্রদর্শন করবেন। স্টলগুলোতে হাতে বোনা ও হাতে তৈরি পোশাক, পাট ও নারকেলের ছোবড়া দিয়ে তৈরি পণ্য, ঘরে তৈরি খাবারসহ বিভিন্ন ধরনের হস্তশিল্প ও সৃজনশীল সামগ্রী পাওয়া যাবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে DMART, Box of Ornaments, AURUM Bangladesh এবং Bene Bou।
প্রথম W.O.W Market-এ ৬০০-এর বেশি দর্শনার্থী অংশ নেন এবং ৫০ জনের বেশি নারী তাদের পণ্য ও দক্ষতা প্রদর্শনের মাধ্যমে নতুন ক্রেতা, পরিচিতি ও ব্যবসায়িক সুযোগ পেয়েছেন। এবারের আয়োজনে উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, নিজেদের পণ্যের গল্প তুলে ধরা, নতুন সংযোগ তৈরি এবং ব্যবসার পরিচিতি বাড়ানোর সুযোগ পাবেন।
গত বছরের আয়োজনের অভিজ্ঞতা তুলে ধরে কারুকাজ-এর শাহানা আক্তার বলেন, “আমি বরিশাল থেকে পাট ও নারকেলের ছোবড়া দিয়ে তৈরি পণ্য নিয়ে এসেছিলাম। প্রথমবার এই মেলায় অংশ নেওয়া আমার জন্য আনন্দের ছিল। ক্রেতাদের প্রশংসা আমাকে উৎসাহিত করেছে। এ ধরনের সুযোগ পেলে আমরা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারি।”
DMART-এর কানিজ ফাতেমা বলেন, “এ ধরনের আয়োজন নারীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। নারীদের ঘরের বাইরেও সুযোগ দেওয়া হলে তারা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।”
এবারের W.O.W Market-এ যুক্ত হয়েছে চ্যারিটি কম্পোনেন্টও। প্রতিটি অংশগ্রহণকারী উদ্যোক্তা তাদের স্টলের জন্য ৩ হাজার টাকা করে অবদান রাখবেন। এই সম্পূর্ণ অর্থ অদম্য বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগ মজার স্কুলে দেওয়া হবে। তবে উদ্যোক্তাদের স্টল থেকে হওয়া বিক্রয়ের সম্পূর্ণ অর্থ তাদের কাছেই থাকবে।
নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তি ও সামাজিক প্রভাবের ওপর গুরুত্ব দিতে আয়োজনে অংশ নিচ্ছে ActionAid এবং Acid Survivors Foundation।
IHG Hotels & Resorts-এর Giving for Good Month-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে W.O.W Market 2026। নারী উদ্যোক্তাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি সামাজিকভাবে ইতিবাচক অবদান রাখাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার কার্থি ভি. কে. বলেন, “W.O.W Market-এর মূল বিশ্বাস হলো নারীদের সঠিক প্ল্যাটফর্ম দেওয়া হলে তারা তাদের সৃজনশীলতা ও দক্ষতাকে অর্থবহ সুযোগে রূপ দিতে পারেন। প্রথম আয়োজনের উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়ার পর আমরা আরও শক্তিশালী উদ্দেশ্য নিয়ে W.O.W Market ফিরিয়ে আনতে পেরে আনন্দিত। এ বছর Giving for Good-এর মাধ্যমে Mojar School-এ অবদান রাখার পাশাপাশি নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতে পারছি—এটি আমাদের জন্য বিশেষভাবে আনন্দের। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে নারীদের উদযাপন করা হবে, তাদের ব্যবসাকে সমর্থন করা হবে এবং একই সঙ্গে সমাজের জন্য কিছু করা হবে।”
আয়োজনে ৬০০-এর বেশি দর্শনার্থী সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। নারী উদ্যোক্তা, পরিবার, পেশাজীবী, ক্রেতা এবং বৃহত্তর কমিউনিটির মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের ভাষ্য, W.O.W Market শুধু একটি মার্কেটপ্লেস নয়; এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি নতুন সংযোগ তৈরি এবং নিজেদের উদ্যোগকে এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে দর্শনার্থীদের উদ্দেশ্যপূর্ণভাবে কেনাকাটা এবং নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে।
“Where Women, Creativity & Purpose Come Together”—এই থিমকে সামনে রেখে আয়োজিত W.O.W Market 2026 নারীদের সৃজনশীলতা ও উদ্যোগ উদযাপনের পাশাপাশি People, Purpose and Prosperity-এর প্রতি ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের অঙ্গীকারও তুলে ধরছে।