দক্ষিণ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
| Published: Wednesday, May 13, 2026
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস, বৈরুতের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননের নাবাতিয়ে, ছুর (টায়ার), বিন্তেজ-বেল, মারজায়ুন এবং সাঈদা জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দ্রুত নিরাপদ এলাকায় সরে যেতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে এমন যেকোনো স্থাপনা বা এলাকা এড়িয়ে চলতে হবে। একইসঙ্গে, যেসব কর্মস্থল বা বাসস্থানে কফিল (স্পন্সর), তাদের পরিবারের সদস্য বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কেউ উপস্থিত নেই, সেসব স্থান অনতিবিলম্বে ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, লেবাননের দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি গৃহকর্মী ও শ্রমিক বিভিন্ন পরিবারে কর্মরত রয়েছেন। চলমান ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে এ অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করায় বাংলাদেশ দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়েছে।
প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, বৈরুতের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে।
নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন সাতক্ষীরা সদরের শফিকুল ইসলাম এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।
বাংলাদেশ সরকার নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছে।