সমুদ্রসৈকতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা সরকারের: আফরোজা খানম
সিনিয়র প্রতিবেদক
| Published: Thursday, May 14, 2026
ছবি: মন্ত্রণালয়
কক্সবাজার ও পটুয়াখালীর সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ কথা জানান।
মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে লাইফগার্ড সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এবং যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই)-এর সঙ্গে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, "পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালার সংশোধন অত্যন্ত জরুরি।"
এলক্ষ্যে কক্সবাজার ও পটুয়াখালীর জেলা প্রশাসককে অতি দ্রুত মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরন করার নির্দেশ দেন মন্ত্রী।
পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সদস্য সংখ্যা ও লাইফগার্ড কর্মী বাড়ানো হবে। আপাতত সিএসআর ফান্ডের মাধ্যমে লাইফগার্ড সার্ভিস চালু রাখা হবে এবং ভবিষ্যতে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, আরএনএলআই-এর আর্থিক সহায়তায় সিআইপিআরবি ২০১২ সাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে লাইফগার্ড সার্ভিস পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর চেয়ারম্যানসহ মন্ত্রণালয়, CIPRB, RNLI এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।