ভিসা আবেদনে ব্যাংকের কাগজপত্রে ‘কিউআর কোড’ বাধ্যতামূলক করল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
| Published: Wednesday, May 13, 2026
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ভিসা আবেদনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করতে ব্যাংক স্টেটমেন্টসহ যাবতীয় আর্থিক নথিপত্রে ডিজিটাল পদ্ধতিতে যাচাইয়ের এক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনের জন্য গ্রাহকদের সরবরাহ করা ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও ইনভেস্টমেন্ট সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্রে বাধ্যতামূলকভাবে অনলাইনে যাচাইযোগ্য কুইক রেসপন্স (কিউআর) কোড সংযুক্ত করতে হবে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কিউআর কোড স্ক্যান করলে গ্রাহকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাবে। এর মধ্যে থাকবে অ্যাকাউন্ট নম্বর, হিসাবধারীর নাম, স্টেটমেন্টের শুরুর ও শেষের স্থিতি এবং নথি তৈরির তারিখ। এসব সুবিধা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে আরো বলা হয়, বিভিন্ন দেশের দূতাবাস ও ভিসা সেন্টার ভিসা আবেদনের সময় আবেদনকারীদের ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, ইনভেস্টমেন্ট সার্টিফিকেটসহ বিভিন্ন আর্থিক দলিল জমা দিতে বলে। তবে এসব নথির তাৎক্ষণিক সত্যতা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা না থাকায় দূতাবাস ও ভিসা সেন্টারগুলোকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই সমস্যা দূর করে জালিয়াতি রোধ এবং প্রশাসনিক ব্যয় হ্রাসের লক্ষ্যেই কেন্দ্রীয় ব্যাংক এই নতুন নিয়ম জারি করেছে।
এতে আরও বলা হয়, নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল তফসিলি ব্যাংককে সার্কুলার জারির তারিখ থেকে ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় সিস্টেম প্রস্তুত করতে হবে। একই সঙ্গে এ ব্যবস্থা চালুর ক্ষেত্রে বিদ্যমান সাইবার নিরাপত্তা ও তথ্য সংরক্ষণ সংক্রান্ত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।