ঐতিহাসিক সুইস সৌরশক্তি চালিত বিমান সমুদ্রে বিধ্বস্ত
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, May 14, 2026
ছবি: সংগৃহীত
২০১৬ সালে বিনা জ্বালানিতে পৃথিবী প্রদক্ষিণ করে ইতিহাস গড়া কিংবদন্তি বিমান সোলার ইম্পালস ২ সম্প্রতি মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়েছে। বিমানটির মালিকানা প্রতিষ্ঠান এই তথ্য নিশ্চিত করেছে।
সুইস পাইলট বের্ত্রান পিকার ও আন্দ্রে বোর্শবার্গ-এর হাত ধরে সোলার ইম্পালস ২ একসময় অসাধারণ এক কীর্তি স্থাপন করেছিল। ১৭টি ধাপে চারটি মহাদেশ, দুটি মহাসাগর ও তিনটি সমুদ্র পাড়ি দিয়ে মোট ৪৩,০০০ কিলোমিটার (২৬,৭০০ মাইল) পথ অতিক্রম করে বিমানটি পৃথিবী প্রদক্ষিণ করেছিল — একফোঁটা জ্বালানি ব্যবহার না করে, কেবল সৌরশক্তির উপর ভর করে। ২৩ দিন ধরে উড়েছিল বিমানটি।
সেই ঐতিহাসিক অভিযানের তিন বছর পর বিমানটি স্কাইডুয়েলার অ্যারো নামের একটি মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়। প্রতিষ্ঠানটি এটিকে একটি মানববিহীন ড্রোনে রূপান্তরিত করে।
চলতি বছরের ২৬ এপ্রিল মিসিসিপির স্টেনিস থেকে উড্ডয়ন করার পর ৪ মে বিমানটি মেক্সিকো উপসাগরে বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার আগে এটি টানা ৮ দিন ১৪ মিনিট উড়তে সক্ষম হয়, যা সৌরশক্তিচালিত ড্রোনের ক্ষেত্রে একটি রেকর্ড।
স্কাইডুয়েলার অ্যারো জানিয়েছে, এই উড়ানটি মার্কিন নৌবাহিনীর একটি সামরিক মহড়ার অংশ ছিল এবং এটি প্রমাণ করেছে যে সৌরশক্তিচালিত বিমান সামরিক পরিবেশে দীর্ঘস্থায়ীভাবে আকাশে থাকতে সক্ষম।
মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) ইতিমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্র: এএফপি