হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
| Published: Monday, November 23, 2026
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ (সোমবার) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় এ সুপারিশ করা হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক প্রস্তাবটি উপস্থাপন করে। আজকের সভায় একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং প্রস্তাবিত কনসেশন চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।
একই দিন সচিবালয়ে এক বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সই করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। চুক্তি সইয়ের পর আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।
তিনি বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে কনসেশন চুক্তি (পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত চুক্তি) চূড়ান্ত হয়েছে। এখন ঠিকাদারের সঙ্গে চুক্তি সই করা হবে। ৩০ নভেম্বরের মধ্যে এ চুক্তি সইয়ের লক্ষ্য রয়েছে। এরপর ১৬ ডিসেম্বর আংশিকভাবে টার্মিনালটি চালু করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।
প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হবে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হবে। পরে ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। পর্যায়ক্রমে সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইটও যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, শুরুতে ২৫ শতাংশ সক্ষমতা নিয়ে টার্মিনালটি চালুর কথা বলা হলেও কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে এতটা সক্ষমতায় কার্যক্রম শুরু করতে পারবে না। এ কারণে চারটি ফ্লাইট দিয়ে আংশিক কার্যক্রম শুরু করা হচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সাধারণত এভাবেই পর্যায়ক্রমে কার্যক্রম বাড়ানো হয়।
পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে কত দিন লাগবে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৬ ডিসেম্বর থেকে হিসাব করলে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে পারে।