এলরয় এয়ার থেকে ২০ কার্গো ড্রোন কিনছে আবুধাবির বার্ক গ্রুপ
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, November 18, 2026
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এলরয় এয়ারের কাছ থেকে ২০টি স্বয়ংক্রিয় কার্গো ড্রোন কিনতে চুক্তি করেছে আবুধাবিভিত্তিক বার্ক গ্রুপ। প্রতিরক্ষা ও বাণিজ্যিক পণ্য পরিবহনে এসব ড্রোন ব্যবহার করা হবে।
গত ১৬ নভেম্বর দুই প্রতিষ্ঠান এ চুক্তির কথা জানায়। অ্যারোটাইমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে পাঁচটি ড্রোন কেনার জন্য ১০ দশমিক ২৫ মিলিয়ন মার্কিন ডলার অগ্রিম দেবে বার্ক। এ ছাড়া আরও ১৫টি ড্রোন তৈরির জন্য উৎপাদনস্লট সংরক্ষণ করা হয়েছে।
প্রথম পাঁচটি ড্রোন কেনার বিষয়ে বার্কের বাধ্যতামূলক প্রতিশ্রুতি রয়েছে। প্রতিটি ড্রোনের দামের ৫০ শতাংশ অগ্রিম পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে ড্রোনগুলোর প্রাথমিক চুক্তিমূল্য সর্বোচ্চ ৭০ মিলিয়ন ডলার। ২০২৭ সাল থেকে ড্রোন সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।
এলরয় এয়ারের তৈরি ‘চ্যাপারাল’ মডেলের ড্রোনটি ২২৭ কেজির বেশি পণ্য বহন করতে পারে। একবারে এটি প্রায় ৭২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। ড্রোনটি ওঠানামার জন্য নির্দিষ্ট রানওয়ের প্রয়োজন হয় না। এতে আটটি উল্লম্ব ও চারটি সামনের দিকে চালিত প্রপেলার রয়েছে। এটি উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে।
হাইব্রিড-ইলেকট্রিক প্রযুক্তির এই ড্রোন পরিচালনায় আলাদা চার্জিং অবকাঠামোর প্রয়োজন হবে না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে ক্রাটোস ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি সলিউশনসের কারখানায় ড্রোনগুলো তৈরি করা হবে। ২০২৬ সালের শেষ দিকে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।
এলরয় এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বলেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিশ্বের অন্যতম গতিশীল পণ্য পরিবহন বাজার। এ চুক্তি চ্যাপারাল ড্রোনের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বার্ক গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমাজরুই বলেন, স্বয়ংক্রিয় প্রযুক্তিতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের কারণে এ অঞ্চলে ড্রোনগুলো নিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। আবুধাবির এসএভিআই ক্লাস্টার ও ‘মেক ইট ইন দ্য এমিরেটস’-এর মতো উদ্যোগ এ ক্ষেত্রে সহায়তা করছে।
বার্ক গ্রুপ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় স্বয়ংক্রিয় উড়োজাহাজ ও ড্রোনসেবা চালু নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির বার্ক এয়ার ইউনিট সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক ড্রোন পরিচালনার অনুমোদন পেয়েছে।
এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ইভিটিওএল ইন্টিগ্রেশন পাইলট প্রোগ্রামের আওতায় স্বয়ংক্রিয় ও চালকবিহীন ফ্লাইট পরিচালনা করেছে এলরয় এয়ার।
এ চুক্তির আগে দুই প্রতিষ্ঠান আবুধাদিতে একটি কারখানা ও সেবাকেন্দ্র স্থাপনে ২০০ মিলিয়ন ডলারের যৌথ উদ্যোগের প্রস্তাব করেছিল। তবে এ উদ্যোগ বাস্তবায়নে চূড়ান্ত চুক্তি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।